কোনাবাড়ী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১১:৪৫:৫৭
৮ দফা যে কোনো সময় ১ দফায় রূপ নিতে পারে: শফিকুর রহমান
আট দফা দাবি আদায়ে ঢাকা থেকে রংপুর অভিমুখে লংমার্চ করেছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ থেকে যাত্রা শুরু করে লংমার্চটি গাজীপুরের ভোগড়া বাইপাসে পৌঁছায়। সেখানে অনুষ্ঠিত পথসভায় বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেন, জনগণের প্রয়োজনেই আট দফা দাবি যেকোনো সময় এক দফায় রূপ নিতে পারে।এ সময় গণভোটের রায় বাস্তবায়নের পাশাপাশি গ্যাস-বিদ্যুৎ সংকট নিরসন, শিল্পকারখানার চাকা সচল রাখা এবং চাঁদাবাজি-দুর্নীতি বন্ধের দাবি জানান তিনি।
লংমার্চের উদ্দেশ্য তুলে ধরে তিনি বলেন, জনগণের ঘরে ঘরে গ্যাস পৌঁছে দেওয়া, শিল্পকারখানার চাকা সচল রাখা এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার দাবিতে তাদের এই কর্মসূচি।
একই সঙ্গে সর্বস্তরে চাঁদাবাজি ও দুর্নীতি বন্ধের দাবি জানান তিনি।দেশকে দুর্নীতিমুক্ত করার পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নেও কার্যকর পদক্ষেপের দাবি জানান জামায়াত আমির।
বক্তব্যে গণভোটের রায় বাস্তবায়ন নিয়েও কথা বলেন বিরোধীদলীয় নেতা। তার দাবি, জনগণের রায়কে যারা অপমান করেছেন, তাদের বিরুদ্ধে রাজনৈতিকভাবে প্রতিক্রিয়া জানাতেই এই কর্মসূচি।
এ সময় তিনি বলেন, জনগণের দাবি আদায়ে আন্দোলন অব্যাহত থাকবে। বক্তব্যের একপর্যায়ে তিনি বলেন,পানি খাব, তবে পানি গোলা করে খাবে।
লংমার্চের পথসভায় কেন্দ্রীয় ও স্থানীয় জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় ঐক্যের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।