নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৭ মে ২০২৬ বিকাল ০৪:৪৯:১৩
মোটরসাইকেল চালকদের ওপর করারোপ জনস্বার্থবিরোধী: বিরোধী দলীয় নেতা
মোটরসাইকেল মালিক ও চালকদের ওপর কর আরোপের সম্ভাব্য সিদ্ধান্তকে জনস্বার্থবিরোধী বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, মোটরসাইকেল ব্যবহারকারীদের বেশিরভাগই সাধারণ মানুষ, যারা জীবন ও জীবিকার প্রয়োজনে এই বাহন ব্যবহার করেন। তাদের ওপর অতিরিক্ত করের বোঝা চাপানো উচিত হবে না।
রোববার (১৭ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন। ফেসবুক পোস্টে ডা. শফিকুর রহমান উল্লেখ করেন, সম্প্রতি বিভিন্ন গণমাধ্যম মারফত জানা যাচ্ছে সরকার মোটরসাইকেল মালিকদের ওপর কর আরোপের চিন্তা করছে। করের আওতা বাড়ানো রাষ্ট্রের রাজস্ব আহরণের জন্য প্রয়োজন হতে পারে বলেও তিনি স্বীকার করেন। তবে জীবনযুদ্ধে ক্লান্ত সাধারণ মানুষের ওপর নতুন করে কর আরোপকে তিনি অযৌক্তিক বলে মনে করেন।
ডা. শফিকুর রহমান বলেন, মোটরসাইকেলের মালিক ও চালকরা সাধারণত কোনো সম্পদশালী শ্রেণির মানুষ নন। অনেকে কর্মস্থলে যাতায়াত, ব্যবসা-বাণিজ্য, পণ্য পরিবহন কিংবা পরিবারের প্রয়োজন মেটাতে মোটরসাইকেল ব্যবহার করেন। এ অবস্থায় তাদের ওপর বাড়তি কর চাপানো হলে তা সাধারণ মানুষের জীবনযাত্রায় নেতিবাচক প্রভাব ফেলবে।
জামায়াত আমির আশা প্রকাশ করে বলেন, সরকার যদি এ ধরনের কোনো চিন্তা করে থাকে, তাহলে জনস্বার্থের কথা বিবেচনা করে সেখান থেকে সরে আসতে হবে। অন্যথায় এটি একটি জনস্বার্থবিরোধী সিদ্ধান্ত হিসেবে বিবেচিত হবে।