ঈশ্বরদী, আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি
প্রকাশ : ২৭ জুলাই ২০২৬ রাত ১১:১৯:৫৩
রোসাটমের বৈশ্বিক যুব পরামর্শক বোর্ডের সদস্য হয়েছেন বাংলাদেশের প্রমোদ চন্দ্র বৈদ্য
বাংলাদেশের তরুণ নিউক্লিয়ার বিজ্ঞানী প্রমোদ চন্দ্র বৈদ্য রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি করপোরেশন রোসাটমের দ্বিতীয় Impact Team 2050-এর সদস্য নির্বাচিত হয়েছেন। আন্তর্জাতিক এই যুব পরামর্শক বোর্ড শান্তিপূর্ণভাবে পরমাণু শক্তির ব্যবহার নিয়ে বৈশ্বিক সংলাপ গড়ে তোলার পাশাপাশি আসন্ন COP31 জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলনের যুব কর্মসূচি প্রণয়নে ভূমিকা রাখবে।
গত মাসে রোসাটমের মহাপরিচালক অ্যালেক্সি লিখাচেভের সঙ্গে বিদায়ী ও নবনির্বাচিত বোর্ড সদস্যদের বৈঠকের মাধ্যমে নতুন বোর্ডের কার্যক্রম শুরু হয়।
১৩টি দেশের ১৩ জন তরুণ পেশাজীবীকে নিয়ে গঠিত নতুন এই বোর্ডে বাংলাদেশ ছাড়াও ব্রাজিল, চীন, মিসর, ইথিওপিয়া, হাঙ্গেরি, ইন্দোনেশিয়া, কিরগিজস্তান, রুয়ান্ডা, সার্বিয়া, দক্ষিণ আফ্রিকা, তানজানিয়া ও উজবেকিস্তানের প্রতিনিধিরা রয়েছেন।
প্রমোদ চন্দ্র বৈদ্য বাংলাদেশ থেকে এই আন্তর্জাতিক বোর্ডে প্রতিনিধিত্ব করছেন। তিনি নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেড (NPCBL)-এ উপ-সহকারী ব্যবস্থাপক পদে 2021 সাল থেকে কাজ করছেন। রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নিউক্লিয়ার সেইফটি অ্যান্ড রিলায়েবিলিটি ডিপার্টমেন্টের সদস্য হিসেবে পারমাণবিক রিয়্যাক্টরের জটিল ক্যালকুলেশনের মাধ্যমে নিরাপত্তা নিশ্চিৎ করাই তার কাজ।
প্রমোদসহ নতুন বোর্ডের সদস্যদের নির্বাচন করা হয়েছে একটি প্রতিযোগিতামূলক প্রক্রিয়ার মাধ্যমে। বিশ্বের ৫৮টি দেশের ২০৭ জন সেমিফাইনালিস্টের মধ্য থেকে ১৩ জনকে চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়।
রোসাটমের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে প্রথম বৈঠকে নতুন বোর্ডের সদস্যরা একটি কর্মপরিকল্পনা উপস্থাপন করেন। পরিকল্পনার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হলো বিভিন্ন দেশে জাতীয় পর্যায়ে যুব সংলাপ আয়োজন। এসব সংলাপে পারমাণবিক খাতকে পরিচ্ছন্ন, উদ্ভাবনী ও উচ্চপ্রযুক্তিনির্ভর শিল্প হিসেবে বিবেচনা করা হলেও কেন অনেক তরুণ পেশাজীবী এখনো অন্য ক্যারিয়ার বেছে নিচ্ছেন, তা নিয়ে আলোচনা ও গবেষণা করা হবে।
জাতীয় পর্যায়ের এসব সংলাপের ফলাফল পরবর্তীতে COP31 জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলনে উপস্থাপন করা হবে। তুরস্কের এনাতালিয়ায় অনুষ্ঠিতব্য COP31-এ Impact Team 2050-এর দ্বিতীয় বৈঠক রোসাটমের মহাপরিচালক অ্যালেক্সি লিখাচেভের সঙ্গে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এ ছাড়া বোর্ডের সদস্যরা COP31-এর Nuclear Day-এর যুব কর্মসূচি তৈরিতে সহায়তা করবেন। একইসঙ্গে তারা তুরস্কে নির্মাণাধীন আক্কু পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নির্মাণস্থল পরিদর্শন করবেন।
রোসাটমের মহাপরিচালক অ্যালেক্সি লিখাচেভ বলেন, Impact Team 2050 শান্তিপূর্ণভাবে পরমাণু শক্তির ব্যবহার নিয়ে আন্তর্জাতিক যুব সংলাপ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তরুণদের কাছ থেকে সাহসী ও নতুন ধারণা প্রত্যাশা করে রোসাটম এবং এসব উদ্যোগে বৈশ্বিক বিশেষজ্ঞদের সহযোগিতা দেওয়ার কথাও জানান তিনি।
বাংলাদেশের প্রমোদ চন্দ্র বৈদ্যের এই আন্তর্জাতিক যুব পরামর্শক বোর্ডের সদস্য নির্বাচিত হওয়া দেশের পারমাণবিক শক্তি খাতে তরুণ পেশাজীবীদের আন্তর্জাতিক অঙ্গনে অংশগ্রহণ ও নেতৃত্বের ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে।