নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১ জুলাই ২০২৬ দুপুর ০২:৫৯:৪৪
ডেঙ্গু প্রতিরোধে সবাইকে দায়িত্বশীল হতে বললেন জামায়াত আমির
ডেঙ্গুসহ বিভিন্ন নাগরিক সমস্যা সমাধানে শুধু সরকারের ওপর নির্ভর না করে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
বুধবার (১ জুলাই) রাজধানীর শেওড়াপাড়ায় ডেঙ্গু প্রতিরোধ, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও নাগরিক সমস্যা সমাধান অভিযান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ আহ্বান জানান।
ডা. শফিকুর রহমান বলেন, পানি, গ্যাস ও জলাবদ্ধতার মতো অনেক নাগরিক সমস্যার পেছনে মানুষের অসচেতনতাও একটি বড় কারণ। তিনি বলেন, যেখানে-সেখানে বর্জ্য ফেলা এবং ড্রেনে ময়লা-আবর্জনা নিক্ষেপের কারণে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে, যা ডেঙ্গুবাহী এডিস মশার বিস্তারেও ভূমিকা রাখছে। তাই নিজ নিজ বাসাবাড়ি ও আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি সবাইকে নাগরিক দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, বিদ্যুৎ সংকট নিরসনে সরকার আন্তরিকভাবে কাজ করছে। তবে সরকার, বিরোধী দল এবং সাধারণ মানুষের সম্মিলিত উদ্যোগ ছাড়া এসব সমস্যা দ্রুত সমাধান করা সম্ভব নয়।
আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের বিষয়ে জামায়াত আমির বলেন, পুলিশকে প্রয়োজনীয় সহযোগিতা করার পাশাপাশি পরিবার থেকেই সন্তানদের চলাফেরা, বন্ধু নির্বাচন ও কর্মকাণ্ড সম্পর্কে অভিভাবকদের সচেতন থাকতে হবে। সম্মিলিত সামাজিক উদ্যোগের মাধ্যমেই একটি নিরাপদ, পরিচ্ছন্ন ও বাসযোগ্য সমাজ গড়ে তোলা সম্ভব বলেও মন্তব্য করেন তিনি।