নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৮ মে ২০২৬ দুপুর ১২:৩৯:১৪
ভেদাভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান মির্জা ফখরুলের
ঈদের নামাজ শেষে দেশ ও জনগণের স্বার্থে ভেদাভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী (এলজিআরডি) এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
২৮ মে বৃহস্পতিবার সকালে ঠাকুরগাঁও বড় মাঠে কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে নামাজ শেষে তিনি এ কথা বলেন। এর আগে নামাজ শেষে স্থানীয় মুসল্লিদের সঙ্গে ঈদ শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন মন্ত্রী।
মির্জা ফখরুল বলেন, দেশের মানুষ ও সারা বিশ্বের মুসলমানরা আজ ঈদুল আজহা পালন করছেন। কোরবানি কোনো হত্যা নয়, এটি সত্যাগ্রহ ও সত্যের উদাহরণ। ত্যাগের মধ্য দিয়ে আল্লাহর নৈকট্য লাভের একটি ইবাদত।
তিনি বলেন, আজকের এই দিনে দেশের মানুষের কাছে আবেদন, আসুন আমরা সবাই ভেদাভেদ ভুলে গিয়ে দেশ ও জনগণের স্বার্থে ঐক্যবদ্ধ হই। বিশ্বের সব মুসলমান ভালো ও শান্তিতে থাকুক, যুদ্ধ বিগ্রহের মধ্যে দিয়ে যাতে ক্ষতি না হয় এই দোয়া করি।