নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৮ মে ২০২৬ বিকাল ০৪:০৪:৩২
৩৯তম জাতীয় স্নুকার চ্যাম্পিয়নশিপ ২০২৬-এর জাঁকজমকপূর্ণ সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
দেশের অন্যতম মর্যাদাপূর্ণ কিউ স্পোর্টস প্রতিযোগিতা “৩৯তম জাতীয় স্নুকার চ্যাম্পিয়নশিপ ২০২৬” রবিবার সন্ধ্যায় ঢাকা বোট ক্লাবে জাঁকজমকপূর্ণ পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে সমাপ্ত হয়েছে। দেশের শীর্ষস্থানীয় স্নুকার খেলোয়াড়দের অংশগ্রহণে আয়োজিত এই প্রতিযোগিতায় উচ্চমানের দক্ষতা, নৈপুণ্য ও ক্রীড়াসুলভ মনোভাবের অনন্য প্রদর্শনী দেখা যায়। সমাপনী আয়োজনটি খেলোয়াড়দের সাফল্য উদযাপনের পাশাপাশি বাংলাদেশে স্নুকারের ক্রমবর্ধমান জনপ্রিয়তা ও সম্ভাবনাকেও তুলে ধরে।
বাংলাদেশ বিলিয়ার্ড ও স্নুকার ফেডারেশনের (বিবিএসএফ) সহযোগিতায় আয়োজিত এই টুর্নামেন্টে দেশের বিভিন্ন প্রান্তের সেরা খেলোয়াড়রা অংশগ্রহণ করেন। প্রতিযোগিতা শেষে গালা মিউজিক্যাল নাইট ও নৈশভোজের আয়োজন করা হয়, যেখানে ক্রীড়া সংগঠক, ক্লাব সদস্য, অতিথি ও অংশগ্রহণকারীরা উপস্থিত ছিলেন। এ আয়োজনের টাইটেল স্পন্সর হিসেবে ছিল স্বনামধন্য প্রতিষ্ঠান অ্যাম্বার গ্রুপ, ভেন্যু পার্টনার বনানী ক্লাব এবং বেভারেজ পার্টনার হিসেবে ছিল মাম ও আরসি কোলা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব মো. আমিনুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এস এম জাহাঙ্গীর হোসেন। আরও উপস্থিত ছিলেন ঢাকা বোট ক্লাবের প্রেসিডেন্ট রুবেল আজিজ এবং বিবিএসএফ-এর প্রেসিডেন্ট ব্রিগেডিয়ার জেনারেল সরকার মোহাম্মদ শামসুদ্দিন, এনডিসি, পিএসসি (অব.)।
এবারের আসরে চ্যাম্পিয়ন হয়েছেন নিজাম উদ্দিন আহমেদ, যিনি পুরস্কার হিসেবে পেয়েছেন ১ লক্ষ টাকা। রানার-আপ সৈয়দ রাফিজ জামান পেয়েছেন ৫০ হাজার টাকা। এছাড়া সেমিফাইনালিস্টদের প্রত্যেককে ২০ হাজার টাকা করে পুরস্কার প্রদান করা হয়। সর্বোচ্চ ৫০ বা তার বেশি ব্রেক অর্জনকারী খেলোয়াড় হিসেবে নিজাম উদ্দিন আহমেদকে বিশেষ পুরস্কার হিসেবে ২০ হাজার টাকা প্রদান করা হয়। বিজয়ী ও অংশগ্রহণকারী খেলোয়াড়দের ট্রফি, ক্রেস্ট ও সম্মাননা প্রদান করা হয়।
প্রতিযোগিতাটির কো-স্পন্সর ছিলেন রশিদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক কাফিলউদ্দিন এবং এমিনেন্স সোর্সিং এর ব্যবস্থাপনা পরিচালক পুলক পোদ্দার।
পুরস্কারের স্পন্সরদের মধ্যে ছিলেন ঢাকা বোট ক্লাবের সদস্য জাবেদ সিদ্দিকী, মেম্বার অ্যাডমিন নকিব সরকার অপু, মেম্বার ফাইন্যান্স সৈয়দ আবু সোলাইমান এবং এমআইসি লাউঞ্জ, মেইনটেন্যান্স ও প্রেস অ্যান্ড পাবলিকেশনস মো. আব্দুস সবুর খান।
প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী মো. আমিনুল হক বলেন, ‘৩৯তম জাতীয় স্নুকার চ্যাম্পিয়নশিপ সফলভাবে আয়োজনের জন্য আমি বিজয়ী, অংশগ্রহণকারী খেলোয়াড়, আয়োজক ও সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানাই। খেলাধুলা শৃঙ্খলা, অধ্যবসায় ও দেশপ্রেম গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। দেশের খেলাধূলার সার্বিক উন্নয়নে ক্রীড়া মন্ত্রণালয় থেকে আমরা সবরকম সহযোগিতা নিশ্চিত করতে চাই’।
বিশেষ অতিথি এস এম জাহাঙ্গীর হোসেন বলেন, ‘বাংলাদেশে স্নুকারের জনপ্রিয়তা ও মান ক্রমেই বৃদ্ধি পাচ্ছে, যা অত্যন্ত আশাব্যঞ্জক’।
ঢাকা বোট ক্লাবের প্রেসিডেন্ট রুবেল আজিজ বলেন, ‘দেশের অন্যতম মর্যাদাপূর্ণ স্নুকার প্রতিযোগিতা আয়োজন করতে পেরে ঢাকা বোট ক্লাব গর্বিত। নিয়মিত এ ধরনের টুর্নামেন্ট আয়োজন দেশের কিউ স্পোর্টসকে আরও এগিয়ে নেবে’।
বিবিএসএফ-এর প্রেসিডেন্ট ব্রিগেডিয়ার জেনারেল সরকার মোহাম্মদ শামসুদ্দিন, এনডিসি, পিএসসি (অব.) বলেন, ‘বাংলাদেশে কিউ স্পোর্টসের উন্নয়নে বাংলাদেশ বিলিয়ার্ড ও স্নুকার ফেডারেশন নিরলসভাবে কাজ করে যাচ্ছে’।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ঢাকা বোট ক্লাবের সদস্য ও টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান ড. জহিরুল ইসলাম। তাকে সহযোগিতা করেন নির্বাহী কমিটির সদস্য ও এমআইসি ইনডোর স্পোর্টস জনাব মোঃ মনির হোসেন ইমন। অনুষ্ঠানে ঢাকা বোট ক্লাবের নির্বাহী কমিটির সদস্যসহ অন্যান্য বিশিষ্ট অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শেষ পর্বে জনপ্রিয় শিল্পী পিন্টু ঘোষ ও নুসরাত কৃতির মনোমুগ্ধকর পরিবেশনা এবং গালা ডিনারের আয়োজন অনুষ্ঠানে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।