নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৬ রাত ০৬:১৮:০৪
সাফ চ্যাম্পিয়নশিপ ফাইনালে মাঠে নামছে ভারত-পাকিস্তান
ক্রিকেটের বাইশ গজ হোক বা ফুটবলের সবুজ গালিচা, ভারত-পাকিস্তান লড়াই মানেই ভরপুর উন্মাদনা। মঙ্গলবার (১৭ নভেম্বর) ঢাকার ন্যাশনাল স্টেডিয়ামে সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে মুখোমুখি দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ। গতবারের চ্যাম্পিয়ন ভারত যেমন খেতাব ধরে রাখার লক্ষ্যে নামছে, তেমনই পাকিস্তানের সামনে নিজেদের প্রমাণ করার লড়াই।
ফাইনালের আগে রাজধানীর একটি হোটেলে গত সোমবার দুই দলের দুই কোচের সংবাদ সম্মেলনেও ছিল সেই আভাস। প্রতিপক্ষের প্রতি সমীহ দেখানোর পাশাপাশি নিজেদের শক্তির জায়গাগুলোও তুলে ধরেছেন তারা।
ভারতের কোচ নওশাদ মুসা মনে করেন, শারীরিক শক্তিতে পাকিস্তান এগিয়ে থাকলেও গতিতে এগিয়ে তার দল।
তার কথায়, পাকিস্তানের খেলোয়াড়েরা শারীরিকভাবে শক্তিশালী, তবে আমার খেলোয়াড়েরা আরো দ্রুতগতির ও ক্ষিপ্র। পাকিস্তানের কোচ নলবার্তো সোলানোর দৃষ্টিতে অবশ্য ফাইনালের দুই দলই সমান, ফাইনালে দুই দলের সম্ভাবনা ৫০-৫০। মাঠে কে কতটা ভালো খেলতে পারে, সেটাই শেষ পর্যন্ত পার্থক্য গড়ে দেবে। শিরোপা জয়ের প্রত্যয় দুই দলের অধিনায়কের কণ্ঠেও।
পাকিস্তানের অধিনায়ক আবদুল্লাহ ইকবাল বলেছেন, আমরা দেশের হয়ে খেলতে এসেছি। দেশের জন্য শিরোপা জিততে নিজেদের সর্বোচ্চটা দিতে আমরা প্রস্তুত। ভারতের অধিনায়ক চিনগ্লেনসানা সিংয়ের কথা, দলের সবাই শিরোপা জিততে মুখিয়ে আছে। মাঠেই তার প্রমাণ দিতে চাই।
এদিকে, ভারত কোচের কাছে এই ফাইনাল বিশেষ কিছুই।
গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে নওশাদ মুসা বলেছেন, এটা (ফাইনাল) আমাদের জন্য বিশেষ কিছু হতে চলেছে। সবাই খুব রোমাঞ্চিত। কারণ, এরাই ভারতের ভবিষ্যৎ দল। বাংলাদেশ থেকে শিরোপা নিয়ে যেতে পারলে সেটা হবে দারুণ কিছু।
পরিসংখ্যান বলছে, এখনও পর্যন্ত ৩০ বার একে অপরের মুখোমুখি হয়েছে দুই দেশ। এর মধ্যে ভারত জিতেছে ১৭ বার, পাকিস্তান মাত্র ৪ বার। বাকি ৯টি ম্যাচ ড্র হয়েছে।
গত বছর বেঙ্গালুরুতে আয়োজিত সাফ চ্যাম্পিয়নশিপে এই পাকিস্তানের জালেই ৪ গোল জড়িয়েছিল ভারত। ফলে পরিসংখ্যানের নিরিখে ভারত অনেকটা এগিয়ে থাকলেও, দ্বিতীয় সারির দল নামানোয় অঘটন ঘটানোর স্বপ্ন দেখতেই পারে পাক ব্রিগেড।