ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
প্রকাশ : ২৯ জুন ২০২৬ বিকাল ০৩:০৯:৪৫
ঈশ্বরদীতে তিন শিক্ষিকা নির্যাতন এবং মারধরের বিরুদ্ধে মানববন্ধন
পাবনার ঈশ্বরদীতে বিদ্যালয়ে ঢুকে শিক্ষিকার গলায় ওড়না পেঁচিয়ে মারধরের ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ জুন) সকালে উপজেলার লক্ষীকুন্ডা ইউনিয়নের চরগড়গড়ি আলহাজ্ব মোড়ে বিভিন্ন কিন্ডারগার্টেনের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা শিক্ষকের উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানান এবং দোষীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এসময় উপস্থিত জনতা বিভিন্ন প্রতিবাদী স্লোগান দিতে থাকেন।
মানববন্ধনে বক্তব্য দেন, উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি লুৎফর রহমান, সাধারণ সম্পাদক মহিদুল ইসলাম, জেলা কিন্ডারগার্ডেন সভাপতি মুজিবুর রহমান, বাঁশেরবাদা ডিগ্রী কলেজের সরকারি অধ্যাপক শিপু, সমাজসেবক আনোয়ার হোসেন ঠান্ডু প্রামাণিকসহ অনেকেই।
উপস্থিত বক্তারা বলেন, একজন শিক্ষকের উপর শিক্ষা প্রতিষ্ঠানে ঢুকে হামলার ঘটনা অত্যন্ত নেককারজনক। এ ধরনের ঘটনায় শিক্ষক সমাজের নিরাপত্তা প্রশ্নের মুখে পড়েছে। ভবিষ্যতে যাতে এমন ঘটনার পুনরাবৃত্তি না ঘটে সেজন্য জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জোর দাবী জানান।
মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি চরগড়গড়ি এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
উল্লেখ্য গত বৃহস্পতিবার ২৫ জুন উপজেলার লক্ষীকুন্ডা ইউনিয়নের চরগড়গড়ি এলাকার সেলিম রেজা আদর্শ বিদ্যানিকেতনের শ্রেণীকক্ষে ঢুকে তিনজন শিক্ষিকা নির্যাতন ও শিক্ষিকা ঝরণা খাতুনের গলায় ওড়না পেঁচিয়ে টানতে টানতে রাস্তায় নিয়ে আসে অভিযুক্ত উজ্জল মাল ও তার সহযোগিরা এবং বেধড়ক মারধর করে। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চলের সৃষ্টি করেছে। পরে আহত শিক্ষিকা ঝর্ণা খাতুন বাদী হয়ে ঈশ্বরদী থানায় উজ্জ্বল মালকে প্রধান আসামি করে মোট পাঁচজনের নামে মামলা দায়ের করেন।