নাটোর প্রতিনিধি
প্রকাশ : ৩০ জুন ২০২৬ রাত ১১:০৫:২৪
অপরাধীরা অপরাধ ছাড়, নইলে নাটোর ছাড়: পুলিশ সুপার
নাটোরের পুলিশ সুপার মোহাম্মাদ শরীফুল হক বলেছেন, "আপনারা আমাকে তথ্য দিন, আমি আপনাদের একটি নিরাপদ নাটোর উপহার দেব। অপরাধীরা অপরাধ ছাড়, নইলে নাটোর ছাড়।"
মঙ্গলবার (৩০ জুন) বিকেলে নাটোরের বাগাতিপাড়া মডেল থানায় আয়োজিত ওপেন হাউজ ডে উপলক্ষে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভায় বাগাতিপাড়া মডেল থানার উদ্যোগে রাজনীতিবিদ, বুদ্ধিজীবী, সমাজসেবক, শিক্ষক, শিক্ষার্থী, সুধীজন এবং গণমাধ্যমকর্মীদের সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মতবিনিময় অনুষ্ঠিত হয়।
পুলিশ সুপার বলেন, অপরাধ দমনে পুলিশকে কার্যকর তথ্য দিয়ে সহযোগিতা করলে আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নয়ন সম্ভব হবে। জনগণের সহযোগিতায় একটি নিরাপদ ও অপরাধমুক্ত নাটোর গড়ে তোলার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।
মতবিনিময় সভায় বক্তারা জনগণের শান্তি-শৃঙ্খলা রক্ষা, মাদক নিয়ন্ত্রণ, সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তি ছড়ানো প্রতিরোধ, ইভটিজিং, মোবাইল হ্যাকিং, অনলাইন জুয়া প্রতিরোধসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। এ সময় অপরাধীদের উদ্দেশে পুলিশ সুপারের আহ্বান পুনর্ব্যক্ত করে বলা হয়, "অপরাধীরা অপরাধ ছাড়, নইলে নাটোর ছাড়।"
অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার উদয় সাহা, বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নানসহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।