নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ৩০ জুন ২০২৬ রাত ১১:৫১:০৭
মেট্রোরেল যাত্রীদের জন্য সুখবর
রাজধানীর মেট্রোরেল ব্যবহারকারীদের জন্য সুখবর নিয়ে আসছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। এমআরটি লাইন-৬-এর সম্প্রসারিত অংশের কমলাপুর স্টেশন আগামী বছরের মার্চে চালুর লক্ষ্যে কাজ এগিয়ে চলছে। একই সঙ্গে যাত্রীসংখ্যা ক্রমাগত বাড়তে থাকায় ধাপে ধাপে মেট্রোরেলের চলাচলের সময় বাড়ানোরও পরিকল্পনা নিয়েছে কর্তৃপক্ষ।
ডিএমটিসিএল সূত্রে জানা গেছে, ২০২২ সালে চালু হওয়া এমআরটি লাইন-৬-এর তৃতীয় ধাপের আওতায় মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত সম্প্রসারণ প্রকল্পের কাজ দ্রুতগতিতে এগোচ্ছে। বিদ্যুৎ, সিগন্যালিং, যান্ত্রিক ব্যবস্থা এবং অন্যান্য অবকাঠামোগত কাজসহ প্রকল্পের প্রায় ৮৫ শতাংশ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।
কর্তৃপক্ষের পরিকল্পনা অনুযায়ী, আগামী বছরের মার্চ মাসে কমলাপুর স্টেশন যাত্রীদের জন্য উন্মুক্ত করা হবে। এর আগে চলতি বছরের ডিসেম্বরের মধ্যে ট্রায়াল রান বা পরীক্ষামূলক ট্রেন চলাচল শুরু করার লক্ষ্য নিয়ে কাজ চলছে।
ডিএমটিসিএলের কর্মকর্তারা জানিয়েছেন, কমলাপুর স্টেশন চালু হলে রাজধানীর অন্যতম গুরুত্বপূর্ণ যোগাযোগ কেন্দ্র কমলাপুর রেলস্টেশনের সঙ্গে মেট্রোরেলের সরাসরি সংযোগ তৈরি হবে। এতে আন্তঃনগর ও দূরপাল্লার ট্রেনযাত্রীদের যাতায়াত আরও সহজ হবে এবং রাজধানীর গণপরিবহন ব্যবস্থায় নতুন মাত্রা যোগ হবে।
অন্যদিকে, বাড়তি যাত্রীর চাপ সামাল দিতে মেট্রোরেলের সেবার সময়ও ধাপে ধাপে বাড়ানোর পরিকল্পনা করছে কর্তৃপক্ষ। গত ৭ জুন থেকে রাতে মেট্রোরেলের সেবা ২০ মিনিট বাড়ানোর পর প্রতিদিন প্রায় ১০ হাজার নতুন যাত্রী যুক্ত হয়েছেন।
বর্তমানে মেট্রোরেলে প্রতিদিন গড়ে প্রায় ৪ লাখ ১০ হাজার যাত্রী যাতায়াত করছেন। কোনো কোনো দিনে এ সংখ্যা ৪ লাখ ২৫ হাজার ছাড়িয়ে যাচ্ছে। এর আগে দৈনিক গড় যাত্রীসংখ্যা ছিল প্রায় ৪ লাখ।
ডিএমটিসিএলের কর্মকর্তারা জানান, মেট্রোরেল চলাচলের সময় বাড়ানোর পরিকল্পনা নতুন নয়। তবে এটি বাস্তবায়নের ক্ষেত্রে রক্ষণাবেক্ষণ কার্যক্রমের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিদিন রাতের শেষ ট্রেন চলাচল শেষ হওয়ার পর ট্রেনগুলো ডিপোতে নিয়ে নিয়মিত পরীক্ষা-নিরীক্ষা, কারিগরি রক্ষণাবেক্ষণ এবং প্রয়োজনীয় মেরামতের কাজ করা হয়। পরদিন ভোরে যাত্রীসেবা শুরুর আগে প্রায় দুই ঘণ্টা পরীক্ষামূলকভাবে ট্রেন চালিয়ে নিরাপত্তা নিশ্চিত করা হয়। ফলে ইচ্ছা করলেই রাতারাতি সেবার সময় বাড়ানো সম্ভব হয় না।
তবে সাম্প্রতিক সময়ে সেবার সময় বাড়ানোর পর যাত্রীসংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাওয়ায় ভবিষ্যতে আরও সময় বাড়ানোর বিষয়ে ইতিবাচকভাবে ভাবছে কর্তৃপক্ষ।
ডিএমটিসিএল সূত্র জানায়, কমলাপুর স্টেশন চালু হওয়ার পর মেট্রোরেলের সেবার পরিধি আরও সম্প্রসারণের সুযোগ তৈরি হবে। বর্তমানে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত ১২ সেট ট্রেন নিয়মিত চলাচল করছে। ভবিষ্যতে পরিচালন সময় বৃদ্ধি পেলে একযোগে ১৪ সেট ট্রেন পরিচালনার পরিকল্পনা রয়েছে।
কমলাপুর স্টেশন চালু এবং সেবার সময় সম্প্রসারণের মাধ্যমে রাজধানীতে মেট্রোরেলের সক্ষমতা আরও বাড়বে। এতে যাত্রীদের ভোগান্তি কমবে, গণপরিবহনের ওপর চাপ হ্রাস পাবে এবং নগরবাসী আরও দ্রুত, নিরাপদ ও আরামদায়ক যাতায়াত সুবিধা পাবেন বলে আশা ব্যক্ত করেন ডিএমটিসিএল কর্মকর্তারা।