নরসিংদী প্রতিনিধি
প্রকাশ : ১ এপ্রিল ২০২৬ রাত ০৭:৪১:৫৪
নরসিংদীতে ৪২০ লিটার চোরাই ডিজেলসহ দুইজন গ্রেফতার
নরসিংদীর বেলাবতে অভিযান চালিয়ে ৪২০ লিটার চোরাই ডিজেল তেলসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (১ এপ্রিল) দুপুর আনুমানিক ২টা ৩৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে এসআই সাইফুল ইসলাম ও এসআই ওবায়েদ উল্লাহ সঙ্গীয় ফোর্সসহ নারায়ণপুর এলাকায় অভিযান পরিচালনা করেন।
এ সময় নারায়ণপুর বাসস্ট্যান্ড থেকে প্রায় ২০০ গজ পূর্বে ঢাকা-সিলেট মহাসড়কের উত্তর পাশে অবস্থিত “মেসার্স রহিজ মিয়া এন্টারপ্রাইজ” নামক দোকান থেকে ৪২০ লিটার চোরাই ডিজেল তেল উদ্ধার করা হয়।
অভিযানকালে মো. রহিজ মিয়া (৪৫) ও শফিকুর রহমান (২৮) নামে দুইজনকে গ্রেফতার করা হয়। তারা উভয়ই রায়পুরা উপজেলার সায়দাবাদ এলাকার বাসিন্দা।
এ ঘটনায় বেলাব থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।