নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৬:৫১:৩৬
চাঁদাবাজদের স্থান হবে জেলখানায়: ড. খন্দকার মারুফ
‘চাঁদাবাজ যেই হোক, ঈদের সময় তার স্থান হবে জেলখানায়’— এমন মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রমজান উপলক্ষে গঠিত দলের বাজার মনিটরিং সেলের প্রধান ড. খন্দকার মারুফ হোসেন।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) পবিত্র রমজান মাসের দ্বিতীয় দিনে কুমিল্লা-১ আসনের দাউদকান্দি, শহীদনগর, গৌরীপুর ও ইলিয়টগঞ্জ বাজার পরিদর্শনকালে ব্যবসায়ীদের উদ্দেশ্যে তিনি এ কথা বলেন।
ড. খন্দকার মারুফ মনিটরিং সেলের সদস্যদের নিয়ে দাউদকান্দি পৌর বাজার, শহীদনগর, গৌরীপুর ও ইলিয়টগঞ্জ বাজারে ব্যবসায়ী ও ক্রেতাদের বেচাকেনা সরেজমিনে তদারকি করেন। এ সময় তিনি বলেন, পবিত্র রমজান মাস অত্যন্ত মর্যাদাপূর্ণ। রোজা পালনকালে মধ্যবিত্ত, নিম্নবিত্ত ও খেটে খাওয়া মানুষের যেন কষ্ট না হয়, সে বিষয়টি ব্যবসায়ীদের বিবেচনায় রাখতে হবে।
কম মুনাফায় নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রির আহ্বান জানিয়ে তিনি ব্যবসায়ীদের মানবিক হওয়ার অনুরোধ করেন।
তিনি আরও বলেন, আপনারা কাউকে চাঁদা দেবেন না। আমাদের দলের কেউ চাঁদা দাবি করলেও কোনো ছাড় দেওয়া হবে না। প্রয়োজনে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিন। কেউ চাঁদাবাজির চেষ্টা করলে আমাকে বা মনিটরিং সেলের সদস্যদের জানাবেন। চাঁদাবাজদের কোনো ক্ষমা নেই। ঈদের আনন্দঘন সময়ে তাদের স্থান হবে জেলখানায়।
পরিদর্শনকালে ড. খন্দকার মারুফ হোসেন বাজারের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং ব্যবসায়ী, স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন। বাজারের পরিবেশ, ব্যবসা-বাণিজ্যের অবস্থা, জননিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষার বিষয়গুলো গুরুত্বসহকারে পর্যালোচনা করা হয়। মনিটরিং টিম বাজার ব্যবস্থাপনাকে আরও সুশৃঙ্খল ও জনবান্ধব রাখতে প্রয়োজনীয় দিকনির্দেশনাও প্রদান করে।
ড. খন্দকার মারুফ বলেন, জনগণের স্বাভাবিক জীবনযাত্রা নির্বিঘ্ন রাখা এবং বাজারে শৃঙ্খলাপূর্ণ পরিবেশ বজায় রাখতে বিএনপির এ ধরনের মনিটরিং কার্যক্রম ধারাবাহিকভাবে চলবে।
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ আবুল হাশেম, দাউদকান্দি পৌর বিএনপির আহ্বায়ক নূর মোহাম্মদ সেলিম সরকার, দাউদকান্দি উপজেলা বিএনপির সদস্য সচিব ভিপি জাহাঙ্গীর আলমসহ কাউসার আলম সরকার, খন্দকার বিল্লাল হোসেন সুমন, আরিফ মাহমুদ, ভিপি শাহাবুদ্দিন ভূঁইয়া, শরীফ চৌধুরী ও রোমান খন্দকার প্রমুখ।
উল্লেখ্য, কুমিল্লা-১ (দাউদকান্দি ও মেঘনা) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা ড. খন্দকার মোশাররফ হোসেনের নির্দেশনায় পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের অযৌক্তিক মূল্যবৃদ্ধি ও চাঁদাবাজি প্রতিরোধে ১৬ সদস্যের একটি বাজার মনিটরিং সেল গঠন করা হয়েছে। ড. খন্দকার মারুফ হোসেনকে এ সেলের প্রধান করা হয়েছে।