ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ : ৮ জুলাই ২০২৬ বিকাল ০৪:৫৬:১৩
ফুলপুরে সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনও’র পরিচিতিমূলক সভা
ময়মনসিংহের ফুলপুরে কর্মরত সাংবাদিকদের সঙ্গে পরিচিতিমূলক সভা করেছেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ ইউসুফ।
বুধবার (৮ জুলাই) সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শফিকুল ইসলামের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন এবং উপজেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।
সভায় প্রশাসন ও গণমাধ্যমের পারস্পরিক সহযোগিতা জোরদার, তথ্য আদান-প্রদানে স্বচ্ছতা ও দায়িত্বশীলতা বজায় রাখা এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো বস্তুনিষ্ঠভাবে তুলে ধরার ওপর গুরুত্বারোপ করা হয়।
এ সময় সাংবাদিকরা উপজেলার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা এবং জনসেবার মানোন্নয়নে বিভিন্ন গঠনমূলক মতামত ও পরামর্শ তুলে ধরেন।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইউসুফ বলেন, “গণমাধ্যম সমাজের দর্পণ। জনস্বার্থে প্রশাসনের কার্যক্রম জনগণের কাছে সঠিকভাবে তুলে ধরতে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
তিনি আরও বলেন, উন্নয়ন, সুশাসন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড বাস্তবায়নে প্রশাসনের পাশাপাশি সাংবাদিকদের আন্তরিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ লক্ষ্যে প্রশাসন ও গণমাধ্যমের মধ্যে সমন্বয় ও পারস্পরিক সহযোগিতা অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।