মনজু বিজয় চৌধুরী, মৌলভীবাজার
প্রকাশ : ৩ এপ্রিল ২০২৬ বিকাল ০৫:৩৪:২৮
নিখোঁজের কয়েক ঘণ্টা পর বিএনপি নেতার লাশ মিলল খালে
মৌলভীবাজার সদর উপজেলায় নিখোঁজ হওয়ার কয়েক ঘণ্টা পর শাহিন মিয়া (৫৫) নামে স্থানীয় এক বিএনপি নেতার লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (৩ এপ্রিল) এ ঘটনার সত্যতা নিশ্চিত করে মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম।
তিনি বলেন, গতকাল বৃহস্পতিবার রাতে সদর উপজেলার গয়ঘর এলাকায় একটি খাল থেকে শাহিন মিয়ার লাশ উদ্ধার করা হয়েছে। তবে শরীরের কোথায় কোনো আঘাত বা জখমের চিহ্ন পাওয়া যায়নি। ইতোমধ্যে তার পোস্টমর্টেম সম্পন্ন হয়েছে।
এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান ওসি।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে থেকে শাহিন মিয়ার কোনো সন্ধান পাচ্ছিলেন না পরিবারের সদস্যরা। পরিবারের পক্ষ থেকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করা হয়। রাতের দিকে উপজেলার গয়ঘর এলাকায় একটি খালে তার লাশ ভাসতে দেখেন স্থানীয়রা।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সেটি উদ্ধার করে।
শাহিন মিয়া রায়পুর গ্রামের বাসিন্দা ও মৌলভীবাজার সদর উপজেলার কামালপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র সহসভাপতি ছিলেন।
ওসি সাইফুল ইসলাম আরো বলেন, হাসপাতালের ডাক্তারের সঙ্গে আমার এ বিষয়ে কথা হয়েছে। ডাক্তার বলেছেন, হার্ট অ্যাটাক বা অন্য কোনো শরীরিক অসুস্থতায় তার এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে।