নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১১:৫৪:৪৯
নিজ বাড়িতে ঢুকে আইনজীবীর সহকারীকে কুপিয়ে হত্যা
গাইবান্ধা সদর উপজেলায় নিজ বাড়িতে অমিতাভ চন্দ্র সুজন (৩৮) নামে এক আইনজীবীর সহকারীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
১৩ ফেব্রুয়ারি শুক্রবার সন্ধ্যার দিকে সদর উপজেলার বল্লমঝাড়
ইউনিয়নের খামার বল্লমঝাড় এলাকার এ ঘটনা ঘটে।
পরে স্বজনরা তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ (রমেক)
হাসপাতালে নেওয়ার পথে সুজনের মৃত্যু হয়।
নিহত অমিতাভ চন্দ্র সুজন সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের
খামার বল্লমঝাড় এলাকার সূর্য নিরঞ্জন চন্দ্র রায়ের ছেলে।
তিনি পেশায় মহুরী ছিলেন। তিনি বাবা-মা, স্ত্রী ও দুই সন্তানকে
নিয়ে নিজ বাড়িতে বসবাস করতেন।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার দিকে বাড়ির
উঠানে দাঁড়িয়ে ছিলেন সুজন। এ সময় কয়েকজন দুর্বৃত্ত বাড়ির গেট দিয়ে ভেতরে ঢুকে কুড়াল
দিয়ে তার মাথায় এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়।
গুরুতর রক্তাক্ত অবস্থায় পরিবারের সদস্যরা তাকে উদ্ধার
করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের উদ্দেশে রওনা দিলে পথে পলাশবাড়ী এলাকায় মারা যান
তিনি।
সুজনের ভাই সুধান চন্দ্র রায় জানান, জমি নিয়ে তিন/চার
বছর ধরে স্থানীয় নরেশ চন্দ্রের সঙ্গে তার বিরোধ ছিল। সম্প্রতি নরেশ তাকে বিভিন্ন হুমকি
দিয়ে আসছিলেন। তাদের ধারণা, পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষরা পরিকল্পিতভাবে বাড়িতে ঢুকে
কুড়াল দিয়ে কুপিয়ে সুজনকে হত্যা করেছে।
ঘটনাটি নিশ্চিত করে বল্লমঝাড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান
জুলফিকার রহমান জানান, স্থানীয়দের বরাত অনুযায়ী দুর্বৃত্তরা বাড়িতে ঢুকে পেছন দিক থেকে
সুজনের মাথায় কুড়াল দিয়ে আঘাত করে। পরে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। বিষয়টি
পুলিশকে জানানো হয়েছে।
এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ
আল মামুন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং একটি কুড়াল উদ্ধার করে। নিহতের লাশ
উদ্ধার করে মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।
হত্যার কারণ উদ্ঘাটন ও জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের
চেষ্টা অব্যাহত রয়েছে।