টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ২৮ জুলাই ২০২৬ রাত ০৮:২২:৩০
টুঙ্গিপাড়ায় বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে উপজেলা প্রশাসনের ত্রাণ বিতরণ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার ৪ নম্বর পাটগাতী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের পাটগাতি মধ্যপাড়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০টি পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (২৮ জুলাই) বিকেল ৪টায় এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জহিরুল আলম। এসময় পাটগাতী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সুভাষ চন্দ্র বিশ্বাস, ইউপি সদস্য মোহাম্মদ জিয়াউল করিম শেখ নজরুলসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
ত্রাণ হিসেবে প্রতিটি পরিবারের মাঝে চাল, ডাল, আলু, লবণ ও পেঁয়াজসহ প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জহিরুল আলম বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে উপজেলা প্রশাসন সবসময় রয়েছে। এই ত্রাণসামগ্রী হয়তো সব সমস্যার সমাধান নয়, তবে এটি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর কিছুটা হলেও উপকারে আসবে। সরকারের নির্দেশনা অনুযায়ী বন্যাদুর্গত মানুষের জন্য সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।
পাটগাতী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সুভাষ বিশ্বাস বলেন, বন্যাকবলিত মানুষের পাশে আমরা শুরু থেকেই রয়েছি। তাদের দুর্ভোগ লাঘবে উপজেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে।