টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ১০ অক্টোবর ২০২৬ দুপুর ০২:১৫:৫৯
টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ ও ট্যাব বিতরণ
সরকার ঘোষিত ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মাঠপর্যায়ে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। তথ্য সংগ্রহ কার্যক্রমকে আরও নির্ভুল, স্বচ্ছ ও গতিশীল করতে প্রশিক্ষণার্থীদের মধ্যে অত্যাধুনিক ইলেকট্রনিক ট্যাব বিতরণ করা হয়েছে।
শনিবার (১০ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় টুঙ্গিপাড়া উপজেলা পরিষদের বজ্রকণ্ঠ সম্মেলন কক্ষে এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের নির্দেশনায় উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয় যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানী। এতে সভাপতিত্ব করেন টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ দিদারুল আলম। উদ্বোধন শেষে প্রধান অতিথি মাঠপর্যায়ে তথ্য সংগ্রহকারীদের হাতে অত্যাধুনিক ইলেকট্রনিক ট্যাব তুলে দেন।
প্রশিক্ষণের মূল লক্ষ্য হলো তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের দক্ষতা বৃদ্ধি এবং ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় তথ্য সঠিকভাবে সংগ্রহ, সংরক্ষণ ও ব্যবস্থাপনা নিশ্চিত করা। এ ক্ষেত্রে আধুনিক প্রযুক্তিনির্ভর ট্যাব ব্যবহারের মাধ্যমে তথ্য সংগ্রহের প্রক্রিয়া আরও সহজ, দ্রুত ও কার্যকর হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
সংশ্লিষ্টদের মতে, দক্ষ জনবল ও আধুনিক প্রযুক্তির সমন্বয়ে মাঠপর্যায়ে তথ্য সংগ্রহের মান আরও উন্নত হবে। একই সঙ্গে তথ্যের নির্ভুলতা ও স্বচ্ছতা নিশ্চিত করার মাধ্যমে ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নের কার্যক্রম আরও সুশৃঙ্খল ও গতিশীল হবে।
ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে সঠিক তথ্যের গুরুত্ব বিবেচনায় এ প্রশিক্ষণ ও ট্যাব বিতরণ মাঠপর্যায়ের তথ্য সংগ্রহ কার্যক্রমকে আরও কার্যকর করতে সহায়ক ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।