কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি
প্রকাশ : ৭ জুলাই ২০২৬ রাত ০৯:৫৩:১৯
লাকড়ির স্তূপে লুকিয়ে থাকা সাপের ছোবলে গৃহবধূর মৃত্যু
মাদারীপুরের কালকিনি উপজেলায় রান্নার জন্য লাকড়ি আনতে গিয়ে লুকিয়ে থাকা একটি সাপের ছোবলে খাদিজা বেগম (২৪) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৭ জুলাই) সকাল ৭টার দিকে উপজেলার আলীনগর ইউনিয়নের উত্তর কোলচরি (সস্তাল) গ্রামে এ ঘটনা ঘটে। নিহত খাদিজা বেগম ওই গ্রামের আব্দুর রাজ্জাক হাওলাদারের মেয়ে এবং জাকির বেপারীর স্ত্রী।
স্বজনরা জানান, সকালে রান্নার প্রস্তুতির জন্য লাকড়ি-খড়ি আনতে রান্নাঘরে গেলে লাকড়ির স্তূপে লুকিয়ে থাকা একটি সাপ তার হাতে ছোবল দেয়। এতে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে যান।
মাদারীপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের মেডিকেল অফিসার ডা. শিহাব উদ্দিন জানান, হাসপাতালে আনার আগেই খাদিজা বেগমের মৃত্যু হয়। পরে পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করা হয়।
স্থানীয়রা জানান, বর্ষা মৌসুমে বসতবাড়ির আশপাশে ও লাকড়ির স্তূপে সাপের উপদ্রব বেড়ে যায়। এ কারণে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তারা।