ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি
প্রকাশ : ৭ জুলাই ২০২৬ রাত ০৯:৫৬:২৭
ভাঙ্গুড়ায় হাজী গয়েজ ফাজিল ডিগ্রি মহিলা মাদ্রাসায় অভিভাবক প্রতিনিধি নির্বাচন সম্পন্ন
পাবনার ভাঙ্গুড়া পৌরসভায় অবস্থিত হাজী গয়েজ ফাজিল ডিগ্রি মহিলা মাদ্রাসার পরিচালনা পরিষদের সাধারণ অভিভাবক প্রতিনিধি নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৭ জুলাই) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে মাদ্রাসার শ্রেণিকক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোট ৪২৯ জন অভিভাবক তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
নির্বাচনের ফলাফলে আলিম শাখার সাধারণ অভিভাবক প্রতিনিধি হিসেবে মো. মনিরুজ্জামান ১৮ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জহুরুল ইসলাম পান ৬ ভোট।
ইবতেদায়ী শাখায় আনিসুর রহমান ৪৩ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. লিটন পান ১৯ ভোট এবং আমিনুল ইসলাম পান ২ ভোট।
ফাজিল শাখায় কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় মো. রাজিবুল ইসলাম বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ অভিভাবক প্রতিনিধি নির্বাচিত হন।
এছাড়া শিক্ষক প্রতিনিধি পদে ইবতেদায়ী ও দাখিল শাখা থেকে মো. সাইদুল ইসলাম ২৬ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ময়েজ উদ্দিন পান ৪ ভোট।
অন্যদিকে, ফাজিল শাখায় আরবি বিভাগের সহকারী অধ্যাপক আজাহারুল ইসলাম এবং আলিম শাখায় ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক সাইফুদ্দিন খান বিনা প্রতিদ্বন্দ্বিতায় শিক্ষক প্রতিনিধি নির্বাচিত হন।
নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন ভাঙ্গুড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আতিকুজ্জামান। সার্বিক নির্বাচন পরিচালনার দায়িত্বে ছিলেন মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. মঈনুন।
ভোটগ্রহণ শেষে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আতিকুজ্জামান আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।