ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ : ২৮ মার্চ ২০২৬ রাত ০৭:৩১:৫৭
ফুলপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিপুল পেট্রোল-ডিজেল জব্দ, জরিমানা
ময়মনসিংহের ফুলপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিপুল পরিমাণ পেট্রোল ও ডিজেল জব্দ করা হয়েছে। এ ঘটনায় এক ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।
শনিবার সকালে পৌরসভার আমুয়াকান্দা পয়ারী রোডের কাড়াহা মোড় সংলগ্ন ‘পপি ট্রেডার্স’ নামীয় একটি মিনি ফিলিং স্টেশনে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাদিয়া ইসলাম সীমা। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শফিকুল ইসলাম উপস্থিত ছিলেন। ফুলপুর থানার অফিসার ইনচার্জ রাশেদুল ইসলামসহ থানা পুলিশ অভিযানে সহযোগিতা করে।
অভিযানে ওই ফিলিং স্টেশন থেকে ১৯ হাজার ৫০০ লিটার ডিজেল ও ৪ হাজার ৫০০ লিটার পেট্রোল অবৈধভাবে মজুদ অবস্থায় জব্দ করা হয়।
জানা যায়, অসাধু ব্যবসায়ী হাবিবুর রহমান প্রায় এক মাস আগে এসব জ্বালানি তেল মজুদ করে ফিলিং স্টেশনটি বন্ধ রাখেন। এতে এলাকায় তেলের সংকট তৈরি হয়ে সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম সীমা জানান, হাবিবুর রহমানকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। জব্দকৃত জ্বালানি তেল জনস্বার্থে অন্যান্য চালু ফিলিং স্টেশনের মাধ্যমে বিক্রি করা হবে।