কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ : ৪ মার্চ ২০২৬ সকাল ১০:৫৪:৩০
কসবায় মাদকবিরোধী বিশেষ অভিযানে মাদক কারবারি গ্রেপ্তার
কসবা থানা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে সাইয়েদ নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (৪ মার্চ) গোপীনাথপুর ইউনিয়ন এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, বারাই রামপুর কাজিয়াতলী সীমান্ত, আকাবপুর
ও গুরহিত এলাকাসহ গোপীনাথপুর ইউনিয়ন এবং কসবা পৌরসভার বিভিন্ন রুট ব্যবহার করে দীর্ঘদিন
ধরে মাদক ও ভারতীয় অবৈধ মালামাল আনা–নেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। গোপন
সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি স্থানীয়ভাবে আওয়ামী
লীগের সহযোগী সংগঠন শেখ রাসেল স্মৃতি সংঘের গোপীনাথপুর ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক
হিসেবে দায়িত্বে রয়েছেন বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সীমান্তবর্তী বিভিন্ন পথে
অবৈধ পণ্য পরিবহনের সঙ্গে তার সম্পৃক্ততার অভিযোগ এলাকায় প্রচলিত ছিল। তার বিরুদ্ধে
কসবা থানায় একাধিক অভিযোগ রয়েছে বলেও জানা যায়। তবে ভয়ে অনেকেই প্রকাশ্যে মুখ খুলতে
চাননি। সুনির্দিষ্ট তথ্য ও নজরদারির ভিত্তিতে আইনশৃঙ্খলা বাহিনী তাকে আটক করতে সক্ষম
হয়।
উল্লেখ্য, কসবা–আখাউড়া আসনের সংসদ সদস্য মুশফিকুর রহমান
সম্প্রতি এলাকাকে মাদকমুক্ত করার ঘোষণা দেওয়ার পর থেকে মাদকবিরোধী অভিযান জোরদার করা
হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, চলমান অভিযানের অংশ হিসেবেই এ গ্রেপ্তার।
কসবা থানা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া
শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।