হাবিবুর রহমান, জামালগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১ এপ্রিল ২০২৬ রাত ০৬:৫২:০২
জামালগঞ্জে অবৈধ মজুদের ২ হাজার লিটার ডিজেল জব্দ
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় যৌথ অভিযানে অবৈধভাবে মজুদ করা প্রায় ২ হাজার ১০০ লিটার ডিজেল জব্দ করেছে জেলা প্রশাসন, পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার বিকেলে উপজেলার সাচনা বাজারে যমুনা অয়েল কোম্পানির বার্জ ডিপোর কাছাকাছি মাদ্রাসা সংলগ্ন একটি বাসার নিচতলায় অভিযান চালিয়ে এসব ডিজেল জব্দ করা হয়।
অভিযান সূত্রে জানা যায়, ঘটনাস্থল থেকে ২০০ লিটারের ১০টি ড্রাম ও একটি খোলা ড্রামে থাকা প্রায় ১০০ লিটারসহ মোট ২ হাজার ১০০ লিটার ডিজেল জব্দ করা হয়। এছাড়া আরও তিনটি খালি ড্রাম উদ্ধার করা হয়েছে। জব্দকৃত ড্রাম ও ডিজেল সাচনা বাজারের যমুনা অয়েল কোম্পানির বার্জ ডিপোর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহজালালের জিম্মায় রাখা হয়েছে।
এ সময় সুনামগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাকিবুর রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
অভিযানে নেতৃত্বদানকারী ম্যাজিস্ট্রেট সাকিবুর রহমান জানান, জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে সারা দেশে নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এ ডিজেল জব্দ করা হয়েছে। তবে ঘটনাস্থল থেকে কাউকে আটক করা যায়নি।
এদিকে, স্থানীয়রা অবৈধভাবে ডিজেল মজুদের সঙ্গে জড়িত প্রকৃত মালিকদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। শুধু জব্দ করেই অভিযান শেষ করায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ও সমালোচনার সৃষ্টি হয়েছে।