কোনাবাড়ী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ : ২১ আগস্ট ২০২৬ দুপুর ১২:১১:৩৮
নির্মানাধীন ড্রেনে ময়লার স্তূপ, পানি নিষ্কাশনে বড় বাধা
গাজীপুর সিটি কর্পোরেশনের কোনাবাড়ী কাশিমপুর আঞ্চলিক সড়কের শরীফ মেডিকেল থেকে যমুনা গার্মেন্টস পর্যন্ত ৬০০ মিটার আরসিসি ড্রেনসহ রাস্তার কাজ প্রায় শেষ।
ঠিকাদারি প্রতিষ্ঠান এনএস এন্টারপ্রাইজ ২০২৪ সালের ১২ ডিসেম্বর শুরু করেন এই রাস্তার কাজ। ইতিমধ্যে এ ৬০০ মিটার আরসিসি ড্রেনসহ রাস্তার কাজ প্রায় শেষের দিকে। ড্রেনের মাঝে মাঝে ফাঁকা জায়গায় এখনো বসানো হয়নি স্লাপ।
শুক্রবার (২১ আগস্ট) সকালে সরেজমিনে গিয়ে দেখা যায় ওই রাস্তার উভয় পাশে অবৈধভাবে বসানো হয়েছে দোকানপাট। এতে ভোগান্তি বেড়েছে রাস্তায় চলাচলকারী যানবাহন ও পথচারীদের। রাস্তার উভয় পাশে অবৈধভাবে বসা দোকানের ময়লা গুলো ফেলা হচ্ছে ড্রেনে। যার কারনে পানি সঠিকভাবে নিষ্কাশন হতে পারছেনা। পানি নিষ্কাশন না হতে পারায় ময়লার কারণে দুর্গন্ধ ছড়াচ্ছে, বাড়ছে ডেঙ্গু মশার পাদূর্ভাব।
অটো চালক আনোয়ার বলেন,রাস্তার উভয় পাশে দোকানপাট বসায় চলাচলে খুবই বিঘ্ন ঘটে। কর্তৃপক্ষের কাছে অনুরোধ রাস্তায় যেন কোন দোকানপাট না বসে। নির্বিঘ্নে যেন মানুষ চলাচল করতে পারে।
পথচারী সুজন বলেন, দীর্ঘদিন ধরে কোনাবাড়ী কাশেমপুর আঞ্চলিক সড়কের বেহাল দশা। ৬০০ মিটার রাস্তা কাজ শেষ হতে না হতেই রাস্তার উভয় পাশ দখল করে নিয়েছে কিছু অসাধু ব্যবসায়ীরা। দোকানের যত ময়লা সব ফেলা হচ্ছে ড্রেনে।
স্থানীয় বাসিন্দা কবির খান জানান,গাজীপুর সিটি কর্পোরেশন কর্তৃপক্ষের কাছে অনুরোধ এ রাস্তা থেকে অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হোক। একই সাথে ড্রেন পরিষ্কার করে পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হোক।
এ বিষয়ে জানতে গাজীপুর সিটি কর্পোরেশনের অঞ্চল ৭ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা নাজরাতুন নাইমের যোগাযোগ করা হলে তিনি বলেন,রাস্তায় অবৈধভাবে দোকানপাট বসার কোন সুযোগ নেই। যদি কেউ দোকানপাট বসিয়ে থাকে সেগুলো উচ্ছেদ করা হবে। ড্রেনের ময়লা পরিষ্কারের জন্য নতুন করে উদ্যোগ নেওয়া হয়েছে। পাশ হলেই কাজ শুরু করা হবে।