মুজিবুর রহমান, উখিয়া (কক্সবাজার)
প্রকাশ : ১ এপ্রিল ২০২৬ রাত ১০:৩৬:১২
উখিয়ায় তিন পেট্রোল পাম্পে অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা
দেশব্যাপী জ্বালানি সংকটের প্রেক্ষাপটে কক্সবাজারের উখিয়ায় তেল মজুদ ও সরবরাহে অনিয়মের অভিযোগে তিনটি পেট্রোল পাম্পে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ঘোষিত মজুদের বাইরে অতিরিক্ত তেল সংরক্ষণের প্রমাণ পাওয়ায় একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (১ এপ্রিল) বিকেল থেকে শুরু হওয়া এ অভিযানে ভ্রাম্যমাণ আদালত সরেজমিনে যাচাই করে পালংখালীর ইউসুফ অ্যান্ড ব্রাদার্স পেট্রোল পাম্পে অনিয়মের প্রমাণ পায়। প্রতিষ্ঠানটি উপজেলা প্রশাসনকে ১০ হাজার লিটার তেল মজুদের তথ্য দিলেও বাস্তবে আরও প্রায় ৭ হাজার লিটার তেল অতিরিক্তভাবে গোপনে সংরক্ষণ করা হয়েছে বলে জানা যায়। এ অপরাধে তাৎক্ষণিকভাবে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত আসমা বলেন, “বর্তমান পরিস্থিতিতে জ্বালানি সরবরাহ ব্যবস্থায় স্বচ্ছতা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেউ কৃত্রিম সংকট তৈরি বা তথ্য গোপনের চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
অভিযানের অংশ হিসেবে কুতুপালং পেট্রোল পাম্পকে সতর্ক করা হয়েছে। পাশাপাশি মরিচ্যা পেট্রোল পাম্পে তদারকি কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছে প্রশাসন।
উপজেলা প্রশাসন জানিয়েছে, জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখা এবং বাজারে কোনো ধরনের অস্থিরতা রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।