কসবা-আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ : ১১ এপ্রিল ২০২৬ রাত ০৬:৫৭:০১
কসবা-আখাউড়াসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান: প্রায় ৯৩ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ
সীমান্ত সুরক্ষায় জোরদার তৎপরতার অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়ার কসবা-আখাউড়াসহ বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৯৩ লাখ টাকা মূল্যের ভারতীয় অবৈধ মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবির মহাপরিচালকের নির্দেশনা— “বিজিবি হবে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক”—এই মূলমন্ত্রে উদ্বুদ্ধ হয়ে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি জোরদার করে। ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম, এএসসি-এর দিকনির্দেশনা ও পরিকল্পনায় এ অভিযান পরিচালিত হয়।
শনিবার (১১ এপ্রিল ২০২৬) প্রাপ্ত সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়ার কাজিয়াতলী, চন্ডিদার বিওপি এবং কুমিল্লার ব্রাহ্মণপাড়া, বুড়িচং ও আদর্শ সদর উপজেলার সালদানদী, শশীদল, শংকুচাইল, খারেরা ও বড়জ্বালা বিওপি এলাকায় পৃথক পৃথক অভিযান চালানো হয়। বিকেলে বিজিবির পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
অভিযানে ২টি সিএনজি ও ১টি ইজিবাইকসহ বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ করা হয়। জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে উন্নতমানের শাড়ি, বাসমতি চাল, স্যুটের কাপড়, ফুসকা, চিংড়ি মাছের রেণু, জিরা, শ্যাম্পু, বাজি, জনসন বেবি ক্রিম, মেহেদি, পন্ডস পাউডার, বিড়ি, মশার কয়েল এবং টাইগার এনার্জি ড্রিংকস।
জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য ৯২ লাখ ৯৮ হাজার ৩৯০ টাকা। এসব মালামাল কাস্টমস অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।
বিজিবি জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে সুলতানপুর ব্যাটালিয়নের অভিযান ও গোয়েন্দা তৎপরতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।