শামীম আহমেদ জয়, মতলব উত্তর প্রতিনিধি
প্রকাশ : ৮ এপ্রিল ২০২৬ বিকাল ০৪:৪১:০৪
মতলব উত্তরে মিড-ডে মিলে পচা ডিম, ক্ষোভে অভিভাবকরা
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় স্কুল ফিডিং (মিড-ডে মিল) কর্মসূচির আওতায় শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা খাবারে পচা ডিম পাওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিভাবক ও স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ দেখা দিয়েছে।
বুধবার (৮ এপ্রিল) সকালে উপজেলার ওটারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
পঞ্চম শ্রেণির শিক্ষার্থী আইরিন আক্তার জানায়, “স্কুলে মিড-ডে মিল দেওয়া হবে শুনে আমরা খুব খুশি হয়েছিলাম। কিন্তু আজকের ডিমে এত দুর্গন্ধ ছিল যে আমরা কেউ খেতে পারিনি। পচা খাবার খেয়ে অসুস্থ হলে তো আমরা পড়াশোনা করতে পারব না। আমরা চাই কর্তৃপক্ষ সবসময় টাটকা ও স্বাস্থ্যকর খাবার সরবরাহ নিশ্চিত করুক।”
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আশিকুজ্জামান বলেন, “আমার বিদ্যালয়ে ৩৫৪ জন শিক্ষার্থী রয়েছে। আজকে প্রায় ২০০টি ডিম পচা পাওয়া গেছে। বাইরে থেকে ভালো মনে হলেও ভেতরে নষ্ট ছিল। সংশ্লিষ্টদের এ বিষয়ে জানানো হবে, যাতে ভবিষ্যতে ভালো মানের খাবার সরবরাহ করা হয়। প্রথমদিকে ভালো খাবার এলেও এখন নিম্নমানের খাবার দেওয়া হচ্ছে, যা শিক্ষার্থীদের জন্য ঝুঁকিপূর্ণ।”
এ বিষয়ে ‘প্রত্যাশী’র মতলব উত্তর প্রজেক্ট ম্যানেজার আহাম্মেদ তাসনীন আলম বলেন, “এ ধরনের ঘটনা ঘটলে তাৎক্ষণিকভাবে ডিমগুলো পরিবর্তন করা হবে। ভবিষ্যতে যেন এমন না ঘটে সে বিষয়ে আমরা আরও সতর্ক থাকব।”
উল্লেখ্য, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে গত ২৯ মার্চ থেকে মতলব উত্তর উপজেলায় ‘মিড-ডে মিল’ কর্মসূচি চালু হয়েছে। শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিত করা ও বিদ্যালয়ে উপস্থিতি বাড়ানোর লক্ষ্যে চালু হওয়া এ কর্মসূচির আওতায় পাঁচ ধরনের পুষ্টিকর খাবার সরবরাহের কথা রয়েছে।