চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি
প্রকাশ : ৯ জুলাই ২০২৬ বিকাল ০৩:২৩:২১
চরফ্যাশনে নরমাল ডেলিভারি উৎসাহিত করতে জরুরি ওষুধ ও চিকিৎসাসামগ্রী বিতরণ
নিরাপদ মাতৃত্ব নিশ্চিতকরণ এবং নরমাল ডেলিভারিকে উৎসাহিত করার লক্ষ্যে ভোলার চরফ্যাশনে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রগুলোর জন্য জরুরি ওষুধ ও চিকিৎসাসামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ জুলাই) চরফ্যাশন উপজেলা প্রশাসনের সভাকক্ষে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ এবং সঞ্চালনা করেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. সালাউদ্দিন।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচও ডা. শোভন বসাক, চরফ্যাশন উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি কয়ছর আহাম্মদ কমল, সাবেক সহ-সভাপতি হেলাল উদ্দিন টিপু, বস্ত্র ব্যবসায়ী সমিতির সভাপতি শহিদুল ইসলাম দুলাল, জনতা বাজার কলেজের অধ্যাপক নজরুল ইসলাম, চরফ্যাশন প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মাইনউদ্দিন জমাদার, দৈনিক যুগান্তর-এর প্রতিনিধি আমির হোসেন আমু, শশিভূষণ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও চ্যানেল এস-এর চরফ্যাশন প্রতিনিধি মিজানুর রহমান সোহেল, পিএইচডির ভোলা জেলা ব্যবস্থাপক জাকির হোসেন, পরিবার পরিকল্পনা পরিদর্শক মো. ফকরুল আলম, শশিভূষণ মা ও শিশু কল্যাণ কেন্দ্রের পরিবার কল্যাণ পরিদর্শিকা হাবিবা আক্তার শিমু, চর মাদ্রাজ ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের অর্পণা দাস গুপ্তা, নুরাবাদ ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের উম্মে কুলছুমসহ বিভিন্ন ইউনিয়নের পরিবার পরিকল্পনা কর্মকর্তা, পরিদর্শক, পরিদর্শিকা ও রাজনৈতিক ব্যক্তিবর্গ।
এ সময় চরফ্যাশন উপজেলার বিভিন্ন ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের এফপিআই, এফডব্লিউভি, এফডব্লিউএ এবং মিডওয়াইফ সেবাদানকারীরা নিজ নিজ কেন্দ্রের জন্য জরুরি ওষুধ ও চিকিৎসাসামগ্রী গ্রহণ করেন।
অনুষ্ঠানে জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ)-এর প্রতিনিধি এবং পিএইচডির ভোলা জেলা ব্যবস্থাপক জাকির হোসেন উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, গরিব ও দুস্থ গর্ভবতী মায়েদের নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করতে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রগুলোতে জরুরি ওষুধ ও চিকিৎসাসামগ্রী সরবরাহ করা হয়েছে। এ উদ্যোগের মাধ্যমে নরমাল ডেলিভারিকে আরও উৎসাহিত করা এবং প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় নিরাপদ প্রসবসেবা পৌঁছে দেওয়া সম্ভব হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।