মনজু বিজয় চৌধুরী, মৌলভীবাজার থেকে
প্রকাশ : ১৯ মার্চ ২০২৬ রাত ০৮:৩৬:২৪
ঈদুল ফিতর উপলক্ষে মৌলভীবাজারে তারেক রহমানের ঈদ উপহার বিতরণ
পবিত্র ঈদুল ফিতর ২০২৬ উপলক্ষে মানবিক সহায়তা হিসেবে তারেক রহমান-এর পক্ষ থেকে মৌলভীবাজারে শাড়ি, থ্রি-পিস, হাজী রুমাল ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকেলে মৌলভীবাজার সদর উপজেলা পরিষদের কনফারেন্স রুমে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এসব উপহার বিতরণ করেন মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এম নাসের রহমান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মৌলভীবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাজিব হোসেন। এ সময় বিভিন্ন শ্রেণি-পেশার অসহায় ও দরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার তুলে দেওয়া হয়।
প্রধান অতিথির বক্তব্যে এম নাসের রহমান বলেন, পবিত্র ঈদুল ফিতর মুসলিম উম্মাহর জন্য আনন্দ, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের এক মহিমান্বিত উৎসব। এই উৎসবের আনন্দ যেন সমাজের সব স্তরের মানুষের মাঝে সমভাবে পৌঁছে যায়, সেই লক্ষ্য থেকেই তারেক রহমানের পক্ষ থেকে এ ধরনের মানবিক সহায়তা কার্যক্রম পরিচালিত হচ্ছে।
তিনি আরও বলেন, “এই উপহার শুধুমাত্র কিছু সামগ্রী নয়, এটি মানুষের প্রতি ভালোবাসা, সহমর্মিতা ও দায়বদ্ধতার প্রতীক। মানবিক রাজনীতির চর্চার মধ্য দিয়ে জনগণের পাশে দাঁড়ানোই আমাদের অঙ্গীকার।”
তিনি জানান, তারেক রহমান সবসময় অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে আসছেন এবং ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
এর আগে একই দিনে রাজনগর উপজেলা পরিষদের হলরুমে পৃথক আরেকটি অনুষ্ঠানে ঈদ উপহার বিতরণ করেন এম নাসের রহমান। ওই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল সিকদার।
পৃথক দুটি অনুষ্ঠানে উপস্থিত বিএনপি নেতৃবৃন্দের মধ্যে ছিলেন— মৌলভীবাজার জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও আহ্বায়ক কমিটির সদস্য আলহাজ্ব মো. আব্দুল মুকিত, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. ফখরুল ইসলাম, বকশী মিছবাউর রহমান, সদর উপজেলা বিএনপির সভাপতি মুজিবুর রহমান মজনু, আহ্বায়ক কমিটির সদস্য শ্যামলী সূত্র ধর, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মারুফ আহমেদ, পৌর বিএনপির সভাপতি অলিউর রহমান, সাধারণ সম্পাদক মনোয়ার আহমদ রহমান, রাজনগর উপজেলা বিএনপির সভাপতি নুরুল ইসলাম শেলুন, বিএনপি নেতা ও ইউপি চেয়ারম্যান কবির মিয়া, জুবের আহমেদ চৌধুরীসহ অন্যান্য নেতৃবৃন্দ।
দুই উপজেলায় বিতরণকৃত উপহার সামগ্রীর মধ্যে ছিল নগদ ১০ লাখ টাকা, ৭০০টি শাড়ি, ১০০টি থ্রি-পিস, ১০০ পিস হাজী রুমাল এবং অতিরিক্ত ৫০টি বিশেষ রুমাল।