কালকিনি মাদারীপুর প্রতিনিধি
প্রকাশ : ২০ জুলাই ২০২৬ রাত ০৭:৫৬:০৫
শিক্ষক রাজন হত্যা চেষ্টার প্রধান আসামি মিলন মোল্লাকে ঢাকা থেকে গ্রেপ্তার
মাদারীপুরের কালকিনিতে শিক্ষক ইমাম হোসেন রাজনকে কুপিয়ে হত্যাচেষ্টার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি মিলন মোল্লা (৩৮)-কে র্যাব-৮ ও কালকিনি থানা পুলিশেরযৌথ অভিযানে গ্রেপ্তার করা করেছে। শনিবার (১৯ জুলাই) রাতে রাজধানী ঢাকার একটি এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৮ ও কালকিনি থানা পুলিশের একটি বিশেষ দল রাজধানীর একটি এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে। অভিযানে মামলার প্রধান আসামি মিলন মোল্লাকে গ্রেপ্তার করা হয়।
মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকদিন আগে কালকিনি উপজেলার একটি বিদ্যালয়ের শিক্ষক ইমাম হোসেন রাজনের ওপর পূর্ব শত্রুতা ও স্থানীয় বিরোধের জেরে ওত পেতে থাকা একদল দুর্বৃত্ত দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। হামলাকারীরা তাকে কুপিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করেন।
ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ওঠে। এ ঘটনায় আহত শিক্ষকের পরিবারের পক্ষ থেকে কালকিনি থানায় মিলন মোল্লাকে প্রধান আসামি করে হত্যাচেষ্টা মামলা দায়ের করা হয়। মামলার পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে কালকিনি থানার উপ-পরিদর্শক (এসআই) বেলাল হোসেন বলেন, শিক্ষক ইমাম হোসেন রাজনের ওপর হামলার ঘটনার পর থেকেই আসামিদের গ্রেপ্তারে পুলিশ তৎপর ছিল। র্যাব-৮-এর সহযোগিতায় পরিচালিত যৌথ অভিযানে প্রধান আসামিকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে মাদারীপুর জেলা আদালতে পাঠানো হয়েছে। এবং মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।