মনজু বিজয় চৌধুরী, মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশ : ২৯ মার্চ ২০২৬ রাত ১০:৪৫:৫৯
শ্রীমঙ্গলে নিখোঁজের তিনদিন পর কিশোরের লাশ উদ্ধার
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় নিখোঁজের তিনদিন পর জোনায়েদ (১৪) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
জানা যায়, গত ২৭ মার্চ সন্ধ্যা ৭টার দিকে নিজ বাড়ির সামনে থেকে নিখোঁজ হয় জোনায়েদ। সে শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও ইউনিয়নের আলীশারকুল গ্রামের বাসিন্দা মো. রমিজ আলীর ছেলে। নিখোঁজের পর পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।
পরবর্তীতে নিখোঁজের দুইদিন পর রোববার (২৯ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বাদে আলীশার কামারপাড়া এলাকা থেকে স্থানীয়দের মাধ্যমে তার মরদেহ পড়ে থাকার খবর পাওয়া যায়। পরে খবর পেয়ে শ্রীমঙ্গল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
এ বিষয়ে স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত কারণ উদঘাটন এবং দায়ীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ জহিরুল ইসলাম মুন্না জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।