রুহুল আমিন কিবরিয়া, বগুড়া প্রতিনিধি
প্রকাশ : ৫ এপ্রিল ২০২৬ দুপুর ১২:৪৯:৩১
বগুড়ার ধুনটে শর্টসার্কিটে আগুন: দুই বিধবার বসতঘর পুড়ে ছাই, ক্ষতি প্রায় সাড়ে ৫ লাখ টাকা
বগুড়ার ধুনট উপজেলায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে দুই বিধবার বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় সাড়ে ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
রবিবার (৪ এপ্রিল) বিকেল আনুমানিক ৪টার দিকে উপজেলার চিকাশী ইউনিয়নের বড়িয়া পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, মৃত আব্দুল কালাম আজাদের স্ত্রী নাসিমা বেওয়ার বাড়িতে হঠাৎ বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে। এ সময় ঘরে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হলে আগুন আরও ভয়াবহ রূপ নেয় এবং পুরো বসতঘর পুড়ে যায়।
আগুনের লেলিহান শিখা দেখে স্থানীয়রা তা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও তীব্রতার কারণে ঘরের আসবাবপত্র, কাপড়চোপড়, ধান-চাল ও নগদ অর্থসহ সবকিছু পুড়ে যায়। ক্ষতিগ্রস্ত নাসিমা বেওয়া জানান, ঘটনার সময় তিনি বাড়ির বাইরে ছিলেন। ফিরে এসে দেখেন তার পুরো ঘর পুড়ে ছাই হয়ে গেছে। তার দাবি, প্রায় ৪ লাখ টাকার ক্ষতি হয়েছে, যার মধ্যে মেয়ের জামাইয়ের বিদেশ থেকে পাঠানো নগদ অর্থও ছিল।
একই অগ্নিকাণ্ডে পাশের বাড়ির মরহুম ছাইফুল ইসলামের স্ত্রী রুলি বেওয়ার ঘরও পুড়ে যায়। তার প্রায় ১ লাখ ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
চিকাশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন জুয়েল জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো বর্তমানে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে।
এদিকে এলাকাবাসী ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়াতে সরকারি ও বেসরকারি সহায়তার আহ্বান জানিয়েছেন।