কসবা–আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ : ১৭ মার্চ ২০২৬ বিকাল ০৫:০৭:৩৭
আখাউড়ায় ত্রিপনী মেলা ও গঙ্গাস্নান অনুষ্ঠিত
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার খড়মপুর এলাকায় প্রতিবছরের মতো এবারও অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী ত্রিপনী মেলা ও গঙ্গাস্নান। হিন্দু সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় এই আয়োজনে দূর–দূরান্ত থেকে হাজারো ভক্ত ও দর্শনার্থীর সমাগম ঘটে।
মঙ্গলবার (১৭ মার্চ) ভোর থেকেই পূণ্যার্থীরা স্থানীয় নদীতে পবিত্র গঙ্গাস্নানে অংশ নেন। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, এই স্নানের মাধ্যমে পাপ মোচন ও আত্মার পরিশুদ্ধি লাভ হয় বলে মনে করেন ভক্তরা। স্নান শেষে তারা পূজা–অর্চনা, প্রার্থনা এবং বিভিন্ন ধর্মীয় আচার–অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
মেলাকে ঘিরে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। মেলা প্রাঙ্গণে বসে নানা ধরনের দোকানপাট, মিষ্টান্ন, খেলনা ও স্থানীয় পণ্যের সমাহার। শিশু থেকে শুরু করে সব বয়সী মানুষের উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে ওঠে পুরো এলাকা।
এদিকে, স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। শৃঙ্খলা রক্ষায় স্বেচ্ছাসেবক দলও সক্রিয়ভাবে দায়িত্ব পালন করেন।
আয়োজকরা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও এই ঐতিহ্যবাহী আয়োজন আরও বৃহৎ পরিসরে অনুষ্ঠিত হবে এবং ধর্মীয় ও সামাজিক সম্প্রীতির বন্ধনকে আরও সুদৃঢ় করবে।