যশোর প্রতিনিধি
প্রকাশ : ৫ এপ্রিল ২০২৬ বিকাল ০৫:৪১:১৯
উইগ্রো বারি-সবুজ ড্রোন: কৃষিতে নতুন যুগের সূচনা
দেশের কৃষি খাতে প্রযুক্তির নতুন দিগন্ত উন্মোচন করেছে “উইগ্রো বারি-সবুজ ড্রোন” উদ্যোগ। সম্প্রতি যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-এর একটি উন্মুক্ত কৃষিজমিতে ড্রোন-ভিত্তিক কৃষি কার্যক্রমের সফল প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
প্রদর্শনীতে ড্রোন ব্যবহার করে কৃষিজমিতে ইউরিয়া সারের স্প্রে করা হয়, যা কৃষিকাজে সময় ও শ্রম কমানোর পাশাপাশি উৎপাদনশীলতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। সংশ্লিষ্টরা মনে করছেন, এই প্রযুক্তির মাধ্যমে কৃষকের খরচ কমবে এবং আধুনিক কৃষি ব্যবস্থাপনার একটি নতুন যুগের সূচনা হবে।
একদিনব্যাপী এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. মোশাররফ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মোহাম্মদ এরশাদুল হক, মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা (এফএমপিই বিভাগ), গাজীপুর এবং যশোর সদর উপজেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপজেলা কৃষি কর্মকর্তা মোসা. রাজিয়া সুলতানা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ জাভেদ হোসেন খান। এছাড়া আয়োজক প্রতিষ্ঠান উইগ্রো-এর প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মাহমুদুর রহমান এবং হেড অব বিজনেস এক্সপানশন অ্যান্ড স্ট্র্যাটেজি শাকিল আহমেদ শুভসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উইগ্রোর পক্ষ থেকে জানানো হয়, এই প্রকল্প বাস্তবায়নে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি)-এর সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তাদের সমর্থনে প্রকল্পটি সফলতার দিকে এগিয়ে যাচ্ছে।
সংশ্লিষ্টরা জানান, ড্রোন প্রযুক্তির এই ব্যবহার বাংলাদেশের কৃষি খাতে আধুনিক প্রযুক্তির প্রয়োগকে ত্বরান্বিত করবে এবং কৃষকদের জন্য একটি নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে। এটি উইগ্রোর বৃহত্তর পরিকল্পনার অংশ, যার মাধ্যমে কৃষকদের কাছে আধুনিক প্রযুক্তির সুবিধা পৌঁছে দিয়ে কৃষিকাজকে আরও সহজ, সাশ্রয়ী ও লাভজনক করে তোলার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।