নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১ এপ্রিল ২০২৬ রাত ০৬:৫৯:৩৬
রূপগঞ্জে ক্লিনিক সচল ও নৌ অ্যাম্বুলেন্স চালুর আশ্বাস
নারায়ণগঞ্জের রূপগঞ্জে সরকারি স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে উপজেলার ৪১টি কমিউনিটি ক্লিনিক সচল করা এবং নদীপথে রোগী পরিবহনের জন্য জরুরি নৌ অ্যাম্বুলেন্স চালুর আশ্বাস দিয়েছেন নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু।
বুধবার (১ এপ্রিল) দুপুরে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনকালে তিনি এ আশ্বাস দেন।
পরিদর্শনকালে এমপি দিপু বলেন, “হাম রোগে আক্রান্ত হলেই মৃত্যুর আশঙ্কা—এমন ভীতি একটি মহল ছড়াচ্ছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন। নারায়ণগঞ্জে পর্যাপ্ত হামের টিকা মজুদ রয়েছে। তাই আতঙ্কিত না হয়ে আক্রান্ত হলে দ্রুত হাসপাতালে এসে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।”
তিনি আরও বলেন, স্বাস্থ্যখাতকে অগ্রাধিকার দিয়ে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে এবং সংশ্লিষ্টদের এ বিষয়ে তৎপর থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। ইতোমধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নজরদারিও জোরদার করা হয়েছে।
এ সময় তিনি হাসপাতালের জরুরি বিভাগ, পুরুষ ও নারী ওয়ার্ড পরিদর্শন করেন এবং ভর্তি রোগীদের খোঁজখবর নেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম, রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আইভি ফেরদৌস শোভা, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা রোমানুর নাহার, আবাসিক মেডিকেল অফিসার ডা. অরুপ রতন নাহার, মেডিকেল অফিসার ডা. নেয়ামুল হাসান, ইউনিয়ন বিএনপি সভাপতি হাবিবুর রহমান বাবুল, সহ-সভাপতি রফিক উদ্দিন আহমেদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।