ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ : ১ এপ্রিল ২০২৬ রাত ০৬:৫৭:৩৫
বিজয়নগরে ইউএনও’র ইউজার আইডি নিষ্ক্রিয়: বন্ধ জন্মনিবন্ধন সেবা, চরম ভোগান্তি
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় প্রশাসনিক জটিলতায় জন্মনিবন্ধন, সংশোধন ও নবায়ন কার্যক্রম বন্ধ হয়ে পড়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।
জানা গেছে, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পদটি বর্তমানে শূন্য রয়েছে। সাবেক ইউএনও মো. হাছিবুর রহমান বদলি হওয়ার পর নতুন কোনো কর্মকর্তা এখনো যোগদান না করায় সংশ্লিষ্ট ইউজার আইডি নিষ্ক্রিয় হয়ে যায়। ফলে জন্মনিবন্ধন সংক্রান্ত সব ধরনের অনলাইন কার্যক্রম স্থবির হয়ে পড়েছে।
বর্তমানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাহিদ ফাতেমা অতিরিক্ত দায়িত্ব পালন করছেন। তিনি জানান, নতুন ইউএনও যোগদান করলে জন্মনিবন্ধনসহ সংশ্লিষ্ট কার্যক্রম পুনরায় চালু হবে।
এদিকে জন্মনিবন্ধন সনদ না পাওয়ায় বিভিন্ন জরুরি কাজে বিঘ্ন ঘটছে। জাতীয় পরিচয়পত্র তৈরি, পাসপোর্ট আবেদন, শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি ও উপবৃত্তি গ্রহণসহ গুরুত্বপূর্ণ সেবা থেকে বঞ্চিত হচ্ছেন উপজেলাবাসী।
দ্রুত নতুন ইউএনও নিয়োগ দিয়ে জন্মনিবন্ধন কার্যক্রম চালুর দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।