মোঃ শান্ত শেখ, টুঙ্গিপাড়া উপজেলা প্রতিনিধি
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৬:৫৭:০৬
টুঙ্গিপাড়ায় অবৈধ জাল উদ্ধারে গিয়ে হামলার শিকার দুই গ্রাম পুলিশ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় অবৈধ ‘চায়না দুয়ারী’ জাল উদ্ধারে গিয়ে হামলার শিকার হয়েছেন গ্রাম পুলিশের দুই সদস্য। এ ঘটনায় একজনকে টুঙ্গিপাড়া ১০০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অপরজন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।
বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ডুমুরিয়া ইউনিয়নের বড় ডুমুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন—ডুমুরিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের গ্রাম পুলিশ মোহাম্মদ ইউসুফ শেখ এবং ৯ নম্বর ওয়ার্ডের গ্রাম পুলিশ শ্যামল কুমার বিশ্বাস। ইউসুফ শেখ বর্তমানে টুঙ্গিপাড়া ১০০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। আর শ্যামল কুমার বিশ্বাস প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।
আহত গ্রাম পুলিশ শ্যামল কুমার বিশ্বাস জানান, টুঙ্গিপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা দেবাশীষ বাছারের নির্দেশনায় তারা এর আগেও বিভিন্ন এলাকায় অবৈধ চায়না দুয়ারী জাল উদ্ধার করেছেন। বুধবারও তার নির্দেশনা অনুযায়ী বড় ডুমুরিয়া এলাকায় জাল উদ্ধারে যান তারা। সেখানে ৩-৪ জন ব্যক্তি তাদের ওপর হামলা চালিয়ে মারধর করেন বলে অভিযোগ করেন তিনি।
শ্যামল কুমার বিশ্বাসের অভিযোগ, হামলার সময় অভিযুক্তরা তাদের কাছে জানতে চান, “কার নির্দেশে তোরা জাল উদ্ধার করতে এসেছিস?” একপর্যায়ে তাদের মেরে ফেলার হুমকিও দেওয়া হয় বলে জানান তিনি।
হামলার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। দায়িত্ব পালন করতে গিয়ে গ্রাম পুলিশের ওপর হামলার ঘটনায় স্থানীয়দের মধ্যেও উদ্বেগ দেখা দিয়েছে।
এ বিষয়ে টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ দিদারুল আলম বলেন, খবর পাওয়ার পর ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। আহত দুই গ্রাম পুলিশের খোঁজ নেওয়ার পাশাপাশি তাদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।