কক্সবাজার প্রতিনিধি:
প্রকাশ : ৮ নভেম্বর ২০২৬ রাত ০৯:১৯:৪১
কক্সবাজার বিমানবন্দর এলাকা থেকে মুহিব উল্লাহ হত্যা মামলার আসামি গ্রেফতার
আলোচিত রোহিঙ্গা নেতা মাস্টার মুহিব উল্লাহ হত্যা মামলার অন্যতম এজাহারনামীয় আসামি ও মিয়ানমারের নাগরিক খাইরুল আমিন ওরফে বলি আমিনকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৫।
রোববার (৮ নভেম্বর) রাত ১২টা ১৫ মিনিটের দিকে কক্সবাজার বিমানবন্দর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার হেফাজত থেকে একটি স্মার্টফোন ও একটি পাসপোর্ট উদ্ধার করা হয়েছে।
এসআরবি-১৫-এর প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে সদর কোম্পানির একটি আভিযানিক দল বিমানবন্দর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।
গ্রেফতার খাইরুল আমিন (৪৫) মিয়ানমারের নাগরিক। তিনি উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। তার বিরুদ্ধে উখিয়া, টেকনাফ ও নাইক্ষ্যংছড়ি থানায় হত্যা, অস্ত্র, মাদক, মানব পাচার এবং পুলিশের ওপর হামলাসহ অন্তত ১৫টি মামলা রয়েছে। এ ছাড়া মাদক ও দস্যুতাসহ বিভিন্ন অভিযোগে আদালত তার বিরুদ্ধে তিনটি গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
এসআরবি-১৫ জানায়, গ্রেফতার আসামিকে উদ্ধার করা আলামতসহ কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
রোহিঙ্গা ক্যাম্পসহ কক্সবাজার অঞ্চলের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধীদের আইনের আওতায় আনতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংস্থাটি।