নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ৮ নভেম্বর ২০২৬ রাত ০৬:২৫:৩২
তথ্য-প্রমাণভিত্তিক নীতিনির্ধারণে নির্ভরযোগ্য পরিসংখ্যান অপরিহার্য: জহির উদ্দিন স্বপন
তথ্য-প্রমাণের ভিত্তিতে নীতিনির্ধারণ ও জাতীয় পরিকল্পনা প্রণয়নে নির্ভরযোগ্য পরিসংখ্যান অপরিহার্য। এ জন্য তথ্য সংগ্রহ, বিশ্লেষণ ও ব্যবস্থাপনার প্রতিটি ধাপে বিজ্ঞানভিত্তিক পদ্ধতি অনুসরণ করতে হবে।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও পরিকল্পনা মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জহির উদ্দিন স্বপন আজ রোববার এ কথা বলেন।
উপদেষ্টা বলেন, তথ্য সংগ্রহ, বিশ্লেষণ ও বিন্যাসের পর তা থেকে জ্ঞানভিত্তিক উপাদান তৈরি এবং নীতিনির্ধারণে সেগুলোর ব্যবহার—পুরো প্রক্রিয়াটিই বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ করে সম্পন্ন করতে হবে।
রাজধানীর বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) মিলনায়তনে জাতীয় পরিসংখ্যান দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জহির উদ্দিন স্বপন বলেন, নির্ভরযোগ্য পরিসংখ্যান একটি দেশের গুরুত্বপূর্ণ সম্পদ। তথ্যকে কার্যকর জ্ঞানে রূপান্তরের বৈজ্ঞানিক প্রক্রিয়া জাতীয় সিদ্ধান্ত গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
পরিসংখ্যানের নির্ভুলতা ও বিশ্বাসযোগ্যতা বজায় রাখার গুরুত্ব তুলে ধরে স্বপন চিকিৎসা ব্যবস্থার উদাহরণ দেন। তিনি বলেন, রোগ নির্ণয়ের প্রতিবেদনে অবশ্যই রোগীর প্রকৃত শারীরিক অবস্থা তুলে ধরতে হবে। আগে থেকে ঠিক করে রাখা কোনো ব্যবস্থাপত্রের সঙ্গে মিলিয়ে প্রতিবেদন তৈরি করা যাবে না।
ওষুধ কোম্পানি, চিকিৎসক কিংবা রোগ নির্ণয়কেন্দ্র কোনোভাবেই চিকিৎসার ব্যবস্থাপত্র ও পরীক্ষার প্রতিবেদনকে এমনভাবে প্রভাবিত করতে পারে না, যাতে রোগ নির্ণয়ের নির্ভুলতা নষ্ট হয়।
একইভাবে পরিসংখ্যান সংগ্রহ ও বিশ্লেষণের প্রক্রিয়াও স্বাধীন এবং বিজ্ঞানসম্মত হতে হবে বলে মন্তব্য করেন জহির উদ্দিন স্বপন। অন্যথায় সংগৃহীত তথ্য প্রকৃত পরিস্থিতি তুলে ধরতে ব্যর্থ হবে। এতে নীতিনির্ধারকেরা বিভ্রান্ত হতে পারেন।
আগের সরকারের পরিসংখ্যান ব্যবস্থাপনার প্রসঙ্গ তুলে স্বপন বলেন, তথ্য সংগ্রহ, পরিসংখ্যানের মাধ্যমে তা বিশ্লেষণ এবং পরিকল্পনার কাজে ব্যবহারের পুরো প্রক্রিয়াকে কোনো পূর্বনির্ধারিত কাঠামোর মধ্যে সীমাবদ্ধ রাখা উচিত নয়।
তিনি বলেন, ‘বৈজ্ঞানিক প্রক্রিয়ায় তৈরি পরিসংখ্যান রাষ্ট্রের জন্য আরও শক্তিশালী হাতিয়ার হয়ে উঠতে পারে।’
একজন সফল জাতীয় নেতা পদ্ধতিগত ও বিজ্ঞান ভিত্তিক প্রক্রিয়া অনুসরণ করে সঠিক সিদ্ধান্ত নেন উল্লেখ করে স্বপন বলেন, এ প্রক্রিয়ায় নির্ভরযোগ্য তথ্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
নীতিনির্ধারকদের কাছে নির্ভুল, সুশৃঙ্খল ও অর্থবহ তথ্য পৌঁছে দিতে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) এবং পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়ানোর ওপরও গুরুত্ব দেন তিনি।
সরকারের উন্নয়ন পরিকল্পনার কথা উল্লেখ করে জহির উদ্দিন স্বপন বলেন, পরিসংখ্যানের পদ্ধতিগত ও সমন্বিত প্রয়োগ উন্নয়ন লক্ষ্যমাত্রাকে কার্যকর নীতি ও সিদ্ধান্তে রূপ দিতে সহায়তা করবে।
পরিকল্পনা মন্ত্রণালয়, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ এবং সংশ্লিষ্ট সরকারি প্রতিষ্ঠানগুলো নীতিনির্ধারক ও প্রধানমন্ত্রীর কাছে নির্ভরযোগ্য পরিসংখ্যান পৌঁছে দিতে আরও কার্যকর ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন স্বপন।
তিনি দেশের পরিসংখ্যান ব্যবস্থাকে আরও এগিয়ে নিতে বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত রাখার আহ্বান জানান।