মুজিবুর রহমান, উখিয়া
প্রকাশ : ৮ জুলাই ২০২৬ দুপুর ০১:০৮:১৩
উখিয়ার হলদিয়ায় টানা বৃষ্টিতে বসতঘরের দেয়াল ধস, অল্পের জন্য প্রাণে বাঁচল কাজল ধরের পরিবার
কক্সবাজারের উখিয়া উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের নাপিতপাড়া এলাকায় টানা ভারী বর্ষণের কারণে একটি বসতঘরের দেয়াল ধসে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
বুধবার (৮ জুলাই) নাপিতপাড়া কমিউনিটি ক্লিনিকের সামনে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক কাজল ধর। তিনি মনিন্দ্র ধরের ছেলে এবং ওই এলাকার বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকদিনের টানা বর্ষণে মাটি নরম হয়ে যাওয়ায় হঠাৎ করে বাড়ির একটি দেয়াল ধসে পড়ে। এতে ঘরের একটি অংশ ভেঙে যায় এবং ঘরের আসবাবপত্রও ক্ষতিগ্রস্ত হয়। দেয়াল ধসের সময় পরিবারের সদস্যরা ঘরে থাকলেও দ্রুত বেরিয়ে আসায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়।
খবর পেয়ে হলদিয়াপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম ইমরুল কায়েস চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি বলেন, "ভারী বর্ষণের কারণে কাজল ধরের বসতঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। ক্ষতিগ্রস্ত পরিবারকে প্রয়োজনীয় সহায়তা প্রদানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হবে। একই সঙ্গে বর্ষাকালে ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারীদের সতর্ক থাকার আহ্বান জানানো হচ্ছে।"
এদিকে টানা বর্ষণে উখিয়ার বিভিন্ন এলাকায় দেয়াল ধস ও ভূমিধসের ঝুঁকি বেড়েছে। স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরা ঝুঁকিপূর্ণ স্থানে বসবাসকারীদের নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার পরামর্শ দিয়েছে।