লক্ষ্মীপুর সদর প্রতিনিধি
প্রকাশ : ২৩ আগস্ট ২০২৬ রাত ০৯:০১:০৩
গায়ে হলুদ শেষে বাড়ি ফেরার পথে সড়কে প্রাণ গেল বরের
রাতে কনের বাড়িতে চলছিল গায়ে হলুদ। সেই আয়োজনে এসেছিল বর। বাড়ি ফেরার পথে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে প্রাণ গেলো বরের। শনিবার (২২ আগস্ট) রাতে সদর উপজেলার চররুহিতা ইউনিয়নের বকুলতলা এলাকায় বেড়ির মাথা-মোল্লারহাট সড়কে এ দুর্ঘটনাটি ঘটে।
আজ রোববার (২৩ আগস্ট) ছিল বৌ-ভাত। কিন্তু নতুন বিয়ের পুরো আনন্দ এখন বিষাদে রূপ নিয়েছে।
নিহত বর (মাহিন) রায়পুর উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের বাসিন্দা। আর কনে (মিফতাহ) বাড়ি লক্ষ্মীপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
পারিবারিক সূত্রে জানা যায়, বর ও কনে প্রাপ্তবয়স্ক না হওয়ায় দু’দিন আগেই চুপিসারে তাদের বিয়ে সম্পন্ন হয়। কনে বরের বাড়িতে না গেলেও হয়েছেন বিধবা। এতে এক পরিবারে ছেলে হারানোর শোক, অন্য পরিবারে সদ্য বিবাহিত কনের স্বামী হারানোর শোক চলছে।
কনের বাড়িতে বিয়ের দাওয়াতি রান্নার হাড়ি-পাতিল এলোমেলো অবস্থায় পড়ে ছিল। খালি পড়ে ছিল বরের বসার স্থান। দাওয়াতি মানুষকে বসানোর জন্য আনা প্লাস্টিকের চেয়ারগুলোও বিছানো হয়নি।
কনের মামা জাহেদুন সোহেল জানান, তার ভাগনির গত রাতে গায়ে হলুদ ছিল। সেখানে বরও আসে। কিন্তু রাতে মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনা বর মারা যায়। সদর উপজেলার চররুহিতা ইউনিয়নের বকুলতলা এলাকায় বেড়ির মাথা-মোল্লারহাট সড়কে এ দুর্ঘটনা ঘটে।
তিনি আরও জানান, বর ও কনের বয়স ১৪-১৫। এজন্য দুদিন আগেই তাদের বিয়ে হয়। রোববার বৌ-ভাত ছিল। শনিবার রাতে গায়ে হলুদে সবাই আনন্দে মেতে উঠে। কিন্তু হলুদ শেষে সকল আনন্দ বিষাদে রূপ নিয়েছে।
লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ বলেন, সড়ক দুর্ঘটনায় নিহতের খবর শুনেছি। বিস্তারিত খোঁজ-খবর নেয়া হচ্ছে।