হাবিব রহমান, জামালগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১১ এপ্রিল ২০২৬ রাত ০৮:৫৬:০৮
জামালগঞ্জে ২৫৪ বোতল ভারতীয় মদসহ নৌকা জব্দ, গ্রেফতার ৩
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় ২৫৪ বোতল ভারতীয় মদ ও একটি ইঞ্জিনচালিত নৌকাসহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে নৌ পুলিশ।
শুক্রবার সন্ধ্যায় উপজেলার ফেনারবাক ইউনিয়নের আলীপুর জামাল মিয়ার বাড়ির পশ্চিম পাশের সুরমা নদী এলাকা থেকে লালপুর নৌ পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে।
গ্রেফতারকৃতরা হলেন— জয়নাল আবেদীনের ছেলে রিপন (২৮), হরমোজ আলীর ছেলে সফিকুল ইসলাম (৩০) এবং শুধু মিয়ার ছেলে জসিম উদ্দিন (৩৮)। তারা সবাই খালিয়াজুড়ি উপজেলার লিপসিয়া (লংকাপাড়) গ্রামের বাসিন্দা।
নৌ পুলিশ সূত্রে জানা যায়, ইঞ্জিনচালিত নৌকায় করে মদের চালানটি গজারিয়া থেকে ভৈরবের দিকে নেওয়া হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় ফেনারবাক ইউনিয়নের আলীপুর এলাকার সুরমা নদী থেকে মদসহ নৌকাটি জব্দ করা হয় এবং তিনজনকে আটক করা হয়।
লালপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ সজল কুমার কানু জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ২৫৪ বোতল ভারতীয় মদ ও নৌকাসহ তিনজনকে আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।