নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ৩ মার্চ ২০২৬ রাত ১১:২৬:৪৪
হাতেমকে ‘ফ্যাসিস্টের দোসর’ বলে অবরুদ্ধ এনসিপির এমপি আল আমিন
নারায়ণগঞ্জের বিসিক শিল্পাঞ্চলে এক অনুষ্ঠানে বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেমকে ‘ফ্যাসিস্টের দোসর’ বলায় অবরুদ্ধ করে রাখা হয়েছে এনসিপির সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিনকে।
মঙ্গলবার জামায়াতে ইসলামীর আয়োজনে এক ইফতার অনুষ্ঠানে এ ঘটনা ঘটে বলে জানান ফতুল্লা মডেল থানার ওসি আব্দুল মান্নান।
তিনি বলেন, সন্ধ্যা সাড়ে ৭টায়ও বিসিকের এক নম্বর গেইটে একটি পোশাক কারখানার ভেতর অবরুদ্ধ হয়ে আছেন নারায়ণগঞ্জ-৪ আসনে সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন। বাইরে হাতেমের অনুসারী ব্যবসায়ী ও শ্রমিকরা অবস্থান নিয়েছেন।
ঘটনাস্থলে ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব রাসেল মাহমুদ ও তার অনুসারীদের অবস্থান নিতে দেখা গেছে।
অবস্থান নেওয়া ব্যবসায়ীদের মধ্যে বিসিক মালিক সমিতির পরিচালক কবির হোসেন ভূঁইয়া বলেন, আমরা জামায়াতের দাওয়াতে এসেছি। অনুষ্ঠানে এমপি কাকে ‘ফ্যাসিস্টের দোসর’ বলেছেন, তা আমরা জানতে চাই। আমরা সে কারণে অবস্থান নিয়ে আছি।
তবে স্বেচ্ছাসেবক দলের রাসেল সংবাদমাধ্যমে কোনও কথা বলতে রাজি হননি।
পরিস্থিতি মোকাবেলায় নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো. হাসিনুজ্জামানের নেতৃত্বে ফতুল্লা থানা পুলিশ বিসিকে অবস্থান নিয়েছেন।
সংসদ সদস্য অবরুদ্ধ থাকা ভবনটিতে কাউকে প্রবেশ করতে দিচ্ছে না পুলিশ। তবে মোবাইল ফোনে আব্দুল্লাহ আল আমিন এ প্রতিবেদককে বলেন, তারা পাঁচতলা ভবনের চতুর্থ তলায়, যেখানে অনুষ্ঠানটি চলছিল, সেখানেই আছেন। তারা বের হতে পারছেন না।
“শুধু হাতেমের অনুসারী ব্যবসায়ী-শ্রমিকরা নন, স্বেচ্ছাসেবক দলের নেতা রাসেল তার লোকজন নিয়ে নিচে দাঁড়িয়ে আছেন। আমি নিরাপত্তা শঙ্কা বোধ করছি না। পুলিশ আছে, সেনাবাহিনী ও বিজিবি সদস্যরাও জানিয়েছে, তারা আসছেন”, বলেন তিনি।
খবর পেয়ে এনসিপির নেতাকর্মীরা বিসিকে আসলে হাতেমের অনুসারীরা কয়েকজনকে মারধর করে বলেও অভিযোগ করেন আল আমিন।