বগুড়া প্রতিনিধি: রুহুল আমিন কিবরিয়া
প্রকাশ : ১৭ মার্চ ২০২৬ দুপুর ১২:১৬:৫০
প্রতিমন্ত্রীর গাড়িতে চড়ে গ্রাম ঘুরল শিশু আতিকুর
বগুড়ার শিবগঞ্জে ব্যতিক্রমী এক মানবিক ঘটনায় আলোচনায় এসেছেন মীর শাহে আলম। প্রতিমন্ত্রীর গাড়িতে চড়ে গ্রাম ঘুরে দেখার সুযোগ পেয়েছে শিশু আতিকুর রহমান।
সোমবার (১৬ মার্চ) বিকেলে বগুড়া-২ আসনের সংসদ সদস্য ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম শিবগঞ্জ উপজেলার হরিপুর গ্রামে স্থানীয়দের খোঁজখবর নিতে যান। এ সময় উপস্থিত শিশু আতিকুর রহমান প্রতিমন্ত্রীর সামনে এসে তার গাড়িতে চড়ার ইচ্ছা প্রকাশ করে।
শিশুটির সরল আবদারকে গুরুত্ব দিয়ে প্রতিমন্ত্রী তাকে নিজের গাড়িতে ওঠার সুযোগ করে দেন। পরে তাকে পাশে বসিয়ে পুরো গ্রাম ঘুরে দেখান। বিষয়টি স্থানীয়দের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।
গ্রাম ঘোরা শেষে প্রতিমন্ত্রী আতিকুরকে সঙ্গে নিয়ে শিবগঞ্জ পৌর এলাকায় নিজের বাসভবনে যান। সেখানে আতিকুর কিছু সময় প্রতিমন্ত্রীর পরিবারের সদস্যদের সঙ্গে কাটায়। পরে প্রতিমন্ত্রী শিশুটির অভিভাবকের হাতে তার জন্য ঈদ উপহার তুলে দেন।
এ বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, “এই অঞ্চলের প্রত্যেক মানুষ আমার আপনজন। আতিকুরের মতো শিশুদের মধ্যেই আগামী দিনের বাংলাদেশ গড়ে ওঠার সম্ভাবনা রয়েছে। তার আবদার আমার কাছে নিজের পরিবারের সদস্যের মতোই মনে হয়েছে।”
স্থানীয়রা প্রতিমন্ত্রীর এই মানবিক উদ্যোগকে প্রশংসা করেছেন।