দেশের ১৩টি সড়কের শ্রেণি পরিবর্তন
রুহুল আমিন কিবরিয়া, বগুড়া প্রতিনিধি
প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৬ রাত ১০:১৯:৩৪
বগুড়া-নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়ক জাতীয় মহাসড়কে উন্নীত
দেশের ১৩টি সড়কের শ্রেণি পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর মধ্যে বগুড়া-নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়ককে জাতীয় মহাসড়ক হিসেবে উন্নীত করা হয়েছে।
গত ২১ এপ্রিল পরিকল্পনা কমিশন এর ভৌত অবকাঠামো বিভাগের সড়ক পরিবহন উইং থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, সড়ক ও জনপথ অধিদপ্তরের অধীন দুটি আঞ্চলিক মহাসড়ককে জাতীয় মহাসড়কে রূপান্তর করা হয়েছে। পাশাপাশি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অধীন ৯টি সড়ক এবং চাঁদপুর পৌরসভার আওতাধীন একটি সড়ক সড়ক ও জনপথ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়েছে।
এছাড়া বগুড়া-নওগাঁ-মহাদেবপুর-পত্নীতলা-ধামইরহাট-জয়পুরহাট (আর-৫৪৫) আঞ্চলিক মহাসড়কের অবশিষ্ট অংশ নতুনভাবে নামকরণের সিদ্ধান্তও গৃহীত হয়েছে।
সূত্র জানায়, সড়কের সংজ্ঞা ও শ্রেণিবিন্যাস সংক্রান্ত পূর্বের প্রজ্ঞাপন অনুযায়ী বিভিন্ন সংস্থার মধ্যে মালিকানা ও দায়িত্ব নির্ধারণ, বিরোধ নিষ্পত্তি এবং সড়কের মান উন্নয়নের প্রস্তাব বিবেচনার লক্ষ্যে গঠিত স্ট্যান্ডিং কমিটির সভা গত ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়। ওই সভার সুপারিশের ভিত্তিতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ সিদ্ধান্তের ফলে বগুড়ার চারমাথা থেকে নওগাঁ হয়ে রাজশাহী পর্যন্ত প্রায় ১২২ কিলোমিটার সড়ক জাতীয় মহাসড়কের আওতায় এসেছে।
সড়ক ও জনপথ বিভাগের বগুড়ার নির্বাহী প্রকৌশলী মো. রাশেদুল হক জানান, জেলা মহাসড়ক থেকে ধাপে ধাপে আঞ্চলিক এবং পরে জাতীয় মহাসড়কে উন্নীত করা হলে সড়ক উন্নয়ন, বিশেষ করে চার লেনে সম্প্রসারণ সহজ হয়।
তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. হামিদুল হক বলেন, জাতীয় মহাসড়কে উন্নীত হওয়ায় সড়কটির উন্নয়ন, চার লেনে রূপান্তর এবং সড়ক নিরাপত্তা জোরদারের কাজ বাস্তবায়নের সুযোগ সৃষ্টি হবে।