সোহেল রানা (ডামুড্যা) শরীয়তপুর
প্রকাশ : ২৫ মার্চ ২০২৬ দুপুর ০২:৪৮:৪৬
শরীয়তপুরে তেল মজুত রেখে বিক্রি না করায় ফিলিং স্টেশনকে জরিমানা
শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলা এলাকায় রিজার্ভ তেল মজুত রেখে গ্রাহকদের কাছে বিক্রি না করার অভিযোগে একটি ফিলিং স্টেশনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২৪ মার্চ) রাতে উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কে এম রাফসান রাব্বি। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত থেকে সহযোগিতা করেন।
অভিযানে জানা যায়, মেসার্স পাইলট ফিলিং স্টেশন সরকারি নির্দেশনা অমান্য করে জ্বালানি তেল বিক্রি না করে অনিয়মে জড়িত ছিল। পাশাপাশি ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনের প্রমাণও পাওয়া যায়।
এ ঘটনায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে পৃথক দুটি অপরাধে প্রতিষ্ঠানটিকে মোট ৫০ হাজার ২০০ টাকা জরিমানা করা হয়।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাফসান রাব্বি বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী জ্বালানি তেল বিক্রয় স্বাভাবিক রাখতে অভিযান অব্যাহত থাকবে। কোনো ধরনের অনিয়ম বা কৃত্রিম সংকট সৃষ্টি করা হলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।