গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি
প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৬ রাত ০৯:৫০:০৩
জ্বালানি সংকটেও অর্ধশত গাড়ির শোডাউন, ছাত্রদল নেতাকে অব্যাহতি
সারাদেশে চলমান জ্বালানি সংকটের মধ্যেই নাটোরের গুরুদাসপুরে প্রায় অর্ধশত গাড়ি নিয়ে শোডাউন করার ঘটনায় উপজেলা ছাত্রদলের এক নেতাকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার মুখে পড়ে সংগঠনটি।
অব্যাহতি পাওয়া নেতা হলেন গুরুদাসপুর উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মাসুদ রানা প্রামাণিক। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সোমবার কেন্দ্রীয়ভাবে তাকে অব্যাহতি দেওয়া হয়।
জানা যায়, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নিজের প্রার্থিতা জানান দিতেই তিনি এ শোডাউনের আয়োজন করেন।
গত রোববার (১২ এপ্রিল) বিকেলে গুরুদাসপুর পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠ থেকে তার নেতৃত্বে হাইএস ও প্রাইভেটকারসহ প্রায় অর্ধশত গাড়ির বহর বের হয়। বহরটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চাঁচকৈড় বাজারে গিয়ে শেষ হয়। এ সময় সমর্থকদের স্লোগানে পুরো এলাকা সরগরম হয়ে ওঠে।
শোডাউনের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে সমালোচনার ঝড় ওঠে। জ্বালানি সংকটের সময়ে এমন আয়োজনকে অযৌক্তিক বলে মন্তব্য করেন অনেকে। এর প্রেক্ষিতেই দলীয়ভাবে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়।
তবে অভিযোগ অস্বীকার করে মাসুদ রানা প্রামাণিক দাবি করেন, জ্বালানি সংকট শুরুর আগেই গাড়িগুলো আগাম বুকিং করা হয়েছিল। তিনি জানান, মূলত রমজান মাসে কর্মসূচি আয়োজনের পরিকল্পনা থাকলেও তা সম্ভব হয়নি। ঈদের পর গাড়িচালকদের অনুরোধে অনুষ্ঠানটি করা হয়।
তিনি আরও বলেন, শোডাউনে অংশ নেওয়া অধিকাংশ গাড়িই সিএনজি ও এলপিজি চালিত ছিল এবং তেলচালিত গাড়ি ব্যবহার করা হয়নি। এছাড়া জ্বালানি সংকট মোকাবিলায় ছাত্রদল সবসময় সহযোগিতামূলক ভূমিকা পালন করে আসছে বলেও দাবি করেন তিনি।