কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২২ মার্চ ২০২৬ রাত ০৯:৪৮:৫৩
কুলিয়ারচরে পিকআপের চাপায় দুই যুবক নিহত, আহত ১
কিশোরগঞ্জের কুলিয়ারচরে পিকআপ ভ্যানের চাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।
রোববার বিকেলে কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়কের কুলিয়ারচর উপজেলার দারিয়াকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
হাইওয়ে পুলিশ জানায়, একই মোটরসাইকেলে করে তিন যুবক যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা মুরগিবাহী একটি পিকআপ ভ্যান মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই বিজয় (১৮) ও জাবির হোসেন (১৮) নিহত হন।
গুরুতর আহত অবস্থায় অপর যুবককে উদ্ধার করে বাজিতপুরের জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কুলিয়ারচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পুলিশ পরিদর্শক (এসআই) রোকনুজ্জামান রোকন জানান, দুর্ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে পিকআপ ভ্যানটি পালিয়ে গেছে। সেটিকে শনাক্তে অভিযান চলছে।