নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৪ মে ২০২৬ বিকাল ০৪:৩১:০৯
আগামী বছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষার তারিখ ঘোষণা
২০২৭ সালের এসএসসি ও এইচএসসি এবং সমমানের পরীক্ষার তারিখ ঘোষণা করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন। তিনি জানিয়েছেন, আগামী বছরের ৭ জানুয়ারি থেকে এসএসসি ও সমমান এবং ৬ জুন থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে।
বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে দেশের সবচেয়ে বড় দুটি পাবলিক পরীক্ষার তারিখ ঘোষণা করেন শিক্ষামন্ত্রী।
শিক্ষামন্ত্রী জানান, এসএসসি ও সমমানের পরীক্ষা শেষ হবে ২০২৭ সালের ৬ ফেব্রুয়ারি। আর এইচএসসি ও সমমানের পরীক্ষা শেষ হবে ১৩ জুলাই।
এহছানুল হক মিলন জানান, পরীক্ষার সময়সূচি এমনভাবে নির্ধারণ করা হয়েছে যেন শিক্ষার্থীরা পর্যাপ্ত প্রস্তুতি নেওয়ার সুযোগ পায়। নির্ধারিত সময়ের মধ্যে ফলাফল প্রকাশের লক্ষ্যে শিক্ষা বোর্ডগুলোকে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
এর আগে ডিসেম্বরে পরীক্ষা নেওয়ার কথা থাকলেও সংশ্লিষ্টরা এতে আপত্তি জানান। পরে সবার সঙ্গে কথা বলে পরীক্ষা পিছিয়ে নিয়ে নতুন এই সিদ্ধান্ত হয় বলে সংবাদ সম্মেলনে জানান শিক্ষামন্ত্রী।
মন্ত্রী বলেন, ২০২৭ সালের এসএসসি পরীক্ষা এ বছরের ডিসেম্বর শেষ হতেই অর্থাৎ জানুয়ারিতে নেওয়া হচ্ছে। সেশন গ্যাপ কমে আসছে। এরা যখন এইচএসসি পরীক্ষা দেবে, তখন ডিসেম্বরেই এইচএসসি পরীক্ষা নেওয়া যাবে। কোনো গ্যাপ থাকবে না। সেজন্য আমরা বলছি, আর মাত্র দুই বছর পরই আমরা এসএসসি-এইচএসসি পরীক্ষা ডিসেম্বরে নিতে পারবো। তখন কারও আপত্তি থাকবে না।
এসএসসির সম্ভাব্য রুটিন প্রকাশ
এদিকে ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। আগামী ৭ জানুয়ারি (বৃহস্পতিবার) থেকে সারাদেশে একযোগে এই পরীক্ষা শুরু হবে।
বৃহস্পতিবার (১৪ মে) মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড প্রকাশিত রুটিন অনুযায়ী, প্রতিদিন সকাল ১০টা থেকে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
৭ জানুয়ারি বাংলা প্রথম পত্রের মাধ্যমে পরীক্ষা শুরু হয়ে তত্ত্বীয় বিষয়গুলোর পরীক্ষা চলবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত। ১৩ জানুয়ারি ইংরেজি দ্বিতীয় পত্র, ১৬ জানুয়ারি গণিত এবং ১৮ জানুয়ারি বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়া বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের গুরুত্বপূর্ণ বিষয়গুলোর পরীক্ষা জানুয়ারির শেষ সপ্তাহে ও ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে শেষ হবে। তত্ত্বীয় পরীক্ষা শেষ হওয়ার পর ব্যবহারিক পরীক্ষা শুরু হবে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সংগীতসহ সব বিষয়ের ব্যবহারিক পরীক্ষা ১১ ফেব্রুয়ারি ২০২৭ তারিখের মধ্যে সম্পন্ন করতে হবে। ব্যবহারিক পরীক্ষা প্রতিদিন সকাল ১০টা থেকে স্ব স্ব কেন্দ্রে অনুষ্ঠিত হবে। সংগীত বিষয়ের শিক্ষার্থীদের ক্ষেত্রে নিজস্ব বাদ্যযন্ত্র ও প্রয়োজনীয় সরঞ্জামসহ পরীক্ষার ৩০ মিনিট আগে কেন্দ্রে উপস্থিত হতে বলা হয়েছে।
এতে আরও উল্লেখ করা হয়েছে যে, ২০২৭ সালের শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটির তালিকা এখনো চূড়ান্ত না হওয়ায় বিশেষ প্রয়োজনে তারিখ পরিবর্তিত হতে পারে।