নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৬ বিকাল ০৪:২৭:১৪
ঢাকায় ‘টেস্ট অব আমেরিকা’র উদ্বোধন করলেন মার্কিন রাষ্ট্রদূত
যুক্তরাষ্ট্রের কৃষিপণ্যের গুণগত মান, বৈচিত্র্য ও বাংলাদেশের সঙ্গে কৃষিপণ্যের বাণিজ্য সম্প্রসারণের সম্ভাবনা তুলে ধরতে ঢাকায় ‘টেস্ট অব আমেরিকা’ শীর্ষক এক উৎসবের আয়োজন করেছে যুক্তরাষ্ট্র দূতাবাস।
রাজধানীর শেরাটন ঢাকায় আজ সোমবার (১৬ নভেম্বর) এ অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের উন্নত মানের গরুর মাংসসহ বিভিন্ন খাদ্যপণ্য প্রদর্শন ও পরিবেশন করা হয়।
রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বলেছেন, যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের মধ্যে বাণিজ্যনীতি হলে উভয় দেশের জন্যই এটি একটি লাভজনক পরিস্থিতি তৈরি হবে। এই চুক্তির আওতায় আজ এই কক্ষে প্রদর্শিত অনেক পণ্যের ওপর বাংলাদেশের শুল্কহার কমানো হবে। শুল্কের হার অনলাইনে প্রকাশ করা হয়েছে, ফলে যে কেউ তা দেখতে পারবেন।
রাষ্ট্রদূত বলেন, চুক্তিটি পুরোপুরি কার্যকর হলে যুক্তরাষ্ট্র থেকে খাদ্যপণ্য আমদানির খরচ কমবে। আমদানিকারকেরা আরও বেশি বৈচিত্র্যের পণ্য আনতে পারবেন, ভোক্তারা পাবেন পছন্দের আরও সুযোগ এবং রেস্তোরাঁ ও বেকারিগুলো খাবার তৈরিতে আরও বেশি সৃজনশীলতা দেখানোর সুযোগ পাবে।
ক্রিস্টেনসেন বলেন, বাণিজ্যচুক্তির মাধ্যমে বাংলাদেশ মেধাস্বত্বের সুরক্ষা এবং উন্নত নিয়ন্ত্রক ব্যবস্থা ও সুশাসন নিশ্চিত করার বিষয়েও অঙ্গীকার করছি। পাশাপাশি বাংলাদেশ কোনো পণ্য আমদানি করলে তার নিরাপত্তা ও গুণগত মান নিয়েও নিশ্চয়তা পাওয়া যাবে।
মার্কিন রাষ্ট্রদূত বলেন, তবে দুঃখজনকভাবে বলছি, অনেক সংবাদ মাধ্যমই যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে পারস্পরিক বাণিজ্য চুক্তি বিষয়টি গুরুত্ব দিয়ে তুলে ধরে না। এই চুক্তি বাংলাদেশের ব্যবসায়ী ও ভোক্তা—উভয়ের জন্যই ব্যয় কমাতে সহায়তা করবে। আমাদের সবারই জানা, আমদানি-সংক্রান্ত বিধিনিষেধের কারণে একটি ক্রমবর্ধমান অনানুষ্ঠানিক ধূসর বাজারের সৃষ্টি হয়েছে যা এই বাণিজ্য চুক্তির মাধ্যমে শেষ হতে পারে।
আমেরিকান রোড-ট্রিপ ও ফুড ট্রাক সংস্কৃতির আদলে সাজানো উৎসবে ছিল নানা ধরনের জনপ্রিয় মার্কিন খাবারের আয়োজন। এর মধ্যে স্ম্যাশ বার্গার, প্রিমিয়াম স্টেক, টেক্স-মেক্স খাবার হিসেবে টাকোস ও বুরিটো, হট ডগসহ বিভিন্ন আমেরিকান ডেজার্ট পরিবেশন করা হয়।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল কাপকেক তৈরির প্রতিযোগিতা। পাশাপাশি অতিথিদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও মতবিনিময়ের সুযোগ এবং সরাসরি সংগীত পরিবেশনার আয়োজনও ছিল। এতে যুক্তরাষ্ট্র দূতাবাসের কর্মকর্তা, সরকারি প্রতিনিধি, ব্যবসায়ী, খাদ্য খাতের পেশাজীবী এবং ঢাকার কূটনৈতিক ও সামাজিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন।
আয়োজকদের মতে, এ ধরনের আয়োজনের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের কৃষি ও খাদ্যপণ্যের বৈচিত্র্য সম্পর্কে বাংলাদেশের ব্যবসায়ী ও ভোক্তাদের ধারণা দেওয়ার পাশাপাশি দুই দেশের মধ্যে কৃষিপণ্য বাণিজ্য ও বাণিজ্যিক সম্পর্ক আরও সম্প্রসারণের নতুন সম্ভাবনা তুলে ধরা হয়েছে।