নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৬ রাত ১১:০৮:১৯
যুক্তরাষ্ট্রের উন্নয়ন অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন করল বাংলাদেশ
জ্বালানি, গুরুত্বপূর্ণ অবকাঠামো ও প্রযুক্তি খাতে বেসরকারি বিনিয়োগ বাড়ানোর নতুন সুযোগ তৈরি করে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন অর্থায়ন সংস্থা (ডিএফসি)-এর অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ। এর ফলে দুই দেশের অর্থনৈতিক সহযোগিতাও আরও জোরদার হবে।
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি থেকে আজ প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশের এ যোগ্যতা অর্জনের কথা জানায় ডিএফসি। সংস্থাটি বলেছে, এর মাধ্যমে বেসরকারি বিনিয়োগ আকৃষ্ট করে বাংলাদেশের বিপুল অর্থনৈতিক উন্নয়ন চাহিদা পূরণে সহায়তা করা সম্ভব হবে।
নতুন এ যোগ্যতার ফলে বাংলাদেশের উপযুক্ত প্রকল্পগুলো ডিএফসি’র অর্থায়ন ও বিনিয়োগ ঝুঁকি কমানোর বিভিন্ন সুবিধা পাবে। এতে গুরুত্বপূর্ণ বিনিয়োগ ঘাটতি পূরণের পাশাপাশি বাণিজ্যিকভাবে লাভজনক উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের পথ সহজ হবে। অন্যথায় এসব প্রকল্পের জন্য অর্থায়ন পাওয়া কঠিন হতে পারত।
ডিএফসির প্রধান নির্বাহী কর্মকর্তা বেন ব্ল্যাক বলেন, ‘ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের সঙ্গে আমাদের অর্থনৈতিক অংশীদারত্ব আরও সুদৃঢ় করতে এবং দীর্ঘমেয়াদি প্রবৃদ্ধি নিশ্চিত করতে বেসরকারি বিনিয়োগ আকৃষ্ট করার একটি গুরুত্বপূর্ণ সুযোগ।
তিনি বলেন, ‘গুরুত্বপূর্ণ অবকাঠামো শক্তিশালী করে এমন প্রকল্পে সহায়তার মাধ্যমে আমরা একদিকে বাংলাদেশের জন্য নতুন অর্থনৈতিক সুযোগ সৃষ্টি করার পাশাপাশি যুক্তরাষ্ট্রের কৌশলগত স্বার্থও এগিয়ে নিতে পারব।’
ডিএফসি জানায়, অর্থায়নের সুযোগ সম্প্রসারিত হলে প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, সেবাপ্রাপ্তির সুযোগ বাড়ানো এবং স্থানীয় ব্যবসাপ্রতিষ্ঠানকে শক্তিশালী করার মাধ্যমে অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত হবে।
সংস্থাটির অর্থায়ন ও বিনিয়োগ ঝুঁকি কমানোর বিভিন্ন ব্যবস্থা উন্নয়নমূলক প্রকল্পের আর্থিক সীমাবদ্ধতা এবং বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে বিনিয়োগকারীদের আশঙ্কা দূর করতে সহায়তা করে। এসব কারণে অনেক সময় বেসরকারি বিনিয়োগকারীরা প্রকল্পে অর্থায়নে আগ্রহী হন না।
বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বলেন, ‘যুক্তরাষ্ট্র বিশ্বাস করে, উন্মুক্ত অর্থনীতি ও পারস্পরিক বাণিজ্য সম্প্রসারণ বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করবে। পারস্পরিক বাণিজ্য চুক্তি (অ্যাগ্রিমেন্ট অন রেসিপ্রোকাল ট্রেড) এই প্রক্রিয়ায় বাংলাদেশকে সহায়তা করার ক্ষেত্রে আমাদের প্রকাশ্য অঙ্গীকারের প্রতিফলন। এই লক্ষ্য বাস্তবায়নে ডিএফসির অর্থায়ন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে, যা আমাদের উভয় দেশের সমৃদ্ধি আরও বাড়াবে।’
যুক্তরাষ্ট্রের এ উন্নয়ন অর্থায়ন সংস্থাটি জানায়, দক্ষিণ এশিয়ায় তাদের বিনিয়োগের মূল ক্ষেত্র জ্বালানি, গুরুত্বপূর্ণ অবকাঠামো ও প্রযুক্তি। এসব প্রকল্পের লক্ষ্য অর্থনৈতিক স্থিতিশীলতা জোরদার, অংশীদারত্ব শক্তিশালী এবং আঞ্চলিক সার্বভৌমত্ব সুরক্ষায় সহায়তা করা।
সংস্থাটি আরও জানায়, বিশ্বের অর্ধেকের বেশি মানুষের বসবাস এবং দ্রুততম প্রবৃদ্ধি অর্জনকারী কয়েকটি অর্থনীতির অবস্থান ইন্দো-প্যাসিফিক অঞ্চলে। ফলে এ অঞ্চলে কৌশলগত মার্কিন বিনিয়োগের ব্যাপক সুযোগ রয়েছে।
ডিএফসি জানায়, এ অঞ্চলে মার্কিন ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর কার্যক্রম সম্প্রসারণে সহায়তা এবং অর্থনৈতিক উন্নয়ন ও দ্বিপক্ষীয় অংশীদারত্ব জোরদারে বেসরকারি পুঁজি আকৃষ্ট করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে সংস্থাটি।
ডিএফসি যুক্তরাষ্ট্র সরকারের আন্তর্জাতিক উন্নয়ন অর্থায়ন প্রতিষ্ঠান। এটি অর্থনৈতিক উন্নয়নে সহায়তা এবং যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির অগ্রাধিকার বাস্তবায়নে বেসরকারি বিনিয়োগ আকৃষ্ট করে।